স্বপ্নের ঠিকানা পেল ৩৮৪ পরিবার : ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হলো লোহাগাড়া উপজেলা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছে সরকার। গত ২০২২ সনের ২৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ঘরগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগাড়াকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে এ ঘোষণা দেন।
তিনটি ধাপে নির্মিত উপজেলার চুনতি, বড়হাতিয়া, আধুনগর, পুটিবিলা, চরম্বা ও পদুয়া ইউনিয়নের ৩৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ করে জমিসহ ঘর উপহার দিয়ে লোহাগাড়াকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স হল রুমে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : শরীফ উল্যাহ এসব তথ্য জানান।
ব্রিফিংকালে ইউএনও শরীফ আরো জানান, বুধবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ ধাপে সারাদেশে ৩৯,৩৬৫ টি ঘর উদ্বোধন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। একই সাথে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন। সারা দেশে ইতোপূর্বে ১ম ধাপে ৬৩, ৯৯৯টি, ২য় ধাপে ৫৩, ৩৩০টি ও ৩য় ধাপে ৩২, ৯০৪টি সহ সর্বমোট ১,৫০,২৩৩টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হয়েছে।
এদিকে, উপজেলার ৬টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখা গেছে, গৃহহীনরা খুব খুশি জমির দলিল ও ঘর বুঝে পেয়ে। তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুটিবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে গৃহহীনদের বাঁচার স্বপ্ন জোরালো হয়েছে। তারা এখন নতুন করে সব সাজাচ্ছেন।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূইয়া, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল ও লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন