রাউজানে মার্কেটের ভেতর ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ রাত
রাউজানে মার্কেটের ভেতর ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাট বাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ মুরাদ (৩৫) নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় পুরো পথেরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পথেরহাটের আমির মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে এক যুবক ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করে। এ সময় প্রাণ বাঁচাতে তিনি মার্কেটের ১ নম্বর গলির মা কসমেটিকস অ্যান্ড গিফট হাউস নামের একটি দোকানে আশ্রয় নেন। সেখানেই ওই যুবক ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরাদকে ছুরিকাঘাতের পর হামলাকারী যুবক মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার হুমকি দিচ্ছেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁকে থামানোর চেষ্টা করলেও সফল হননি। পরে লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ছুরিকাঘাতে গুরুতর আহত মুরাদকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের মোহাম্মদ শামসুল আলমের ছেলে। পথেরহাটের আমির মার্কেটে তাঁদের মৌসুমী স্টোর নামে একটি শাড়ির দোকান রয়েছে। তিনি বাবার সঙ্গে দোকানের ব্যবসা পরিচালনা করতেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনিছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। শিগগিরই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

Feb2
Feb2