চট্টগ্রাম জেলায় ইবতেদায়ীতে বেড়েছে পাসের হার, পিইসি’তে কমেছে
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসিতে চট্টগ্রাম জেলায় গতবারের তুলনায় এবার কমেছে পাসের হার। তবে ইবতেদায়ী পরীক্ষার ফলাফলে গতবারের তুলনায় পাসের হার বেড়েছে।
জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে পিইসি’তে কমলেও বেড়েছে ইবতেদায়ীতে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসিতে এবারের পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। গতবার এ হার ছিলো ৯৭ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই অবস্থা।
গতবছর চট্টগ্রাম জেলা থেকে ১৮ হাজার ১৮৪ জন জিপিএ ৫ অর্জন করলেও এবছর এক হাজার ৬শ ৫২ জন কমে জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২জন শিক্ষার্থী।
অন্যদিকে গতবারের তুলনায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। ইবতেদায়ীতে এবার পাসের হার ৯৫ দশমিক ২০ শতাংশ। যা গত বছর ছিলো ৯০ দশমিক ২৯ শতাংশ। গতবছর চট্টগ্রাম জেলায় ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৪৭০ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ১ হাজার ৯৯ জন। যা গত বছরের তুলনায় ৬২৯ জন বেশি।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)তে চট্টগ্রাম জেলায় এবার ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন। এর মধ্যে ১৬ হাজার ৫৩২ জন পেয়েছে জিপিএ-৫। চট্টগ্রাম জেলা থেকে পিইসিতে বাঁশখালী উপজেলা এবার প্রথম হয়েছে। তাছাড়া রাউজান দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে পটিয়া উপজেলা।
অন্যদিকে ইবতেদাযীতে এবার ২৪ হাজার ৯শ ২২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩ হাজার ৭শ ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন। জেলা থেকে এবারের পরীক্ষায় বাঁশখালী উপজেলা প্রথম, কোতোয়ালি ২য় এবং ডবলমুরিং থানা তৃতীয় হয়েছে।


আপনার মতামত লিখুন