সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে শিশু কন্যা খুন
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ১৮ মাস বয়সী এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে জন্মদাতা মা। বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সুপ্রিয়া দেবী। সে ওই এলাকার সুজন কুমার নাথ ও প্রিয়াংকা দেবীর কন্যা। সীতাকুণ্ড মডেলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মা সুপ্রিয়া দেবীকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, প্রিয়াংকা দেবী একজন মানসিক প্রতিবন্ধী। তার স্বামী জানান, সে মানসিক ভারসাম্যহীন হলেও সে মাঝে মাঝে ভালো হয়ে যেতা। কিছুদিন আগেও সে একবার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। এ কয়েকদিনও সে ভালো ছিল। আজ সকালেও তারমাঝে তেমন খারাপ লক্ষণ দেখা যায়নি। সকালে আমি ও আমার মা ঘরের বাইরে গেলে নিজের একমাত্র কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে।
স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন জানান, ওই মহিলা মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও মেয়েকে হত্যা করতে চেয়েছিল। পরিবারের লোকজন থাকায় মেয়েকে হত্যা করতে পারেননি। কিন্তু এবার ঘরে কেউ না থাকায় সে মেয়েটিকে গলাটিপে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ।


আপনার মতামত লিখুন