খুঁজুন
, ,

চট্টগ্রামে চুলায় থাকছে না গ্যাস, লোডশেডিংয়েও নাকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 October, 2023, 9:45 am
চট্টগ্রামে চুলায় থাকছে না গ্যাস, লোডশেডিংয়েও নাকাল

গ্যাস ও বিদ্যুৎ নিয়ে উভয় সংকটে চট্টগ্রামের বাসিন্দারা। সময়ে সময়ে চুলায় থাকছে না গ্যাস। এতে বাসাবাড়িতে রান্নায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়েও নাকাল নাগরিকরা। ২৪ ঘণ্টাই ঘন ঘন যাওয়া-আসা করছে বিদ্যুৎ।

যোগাযোগ করলে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার কথা বলছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আবার ফার্নেস অয়েলনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কমে গেছে উৎপাদন। তবে চাহিদা দিয়েও ফার্নেস অয়েল নিচ্ছে না পিডিবি- এমন অভিযোগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)।

লোডশেডিংয়ের মতো বিদ্যুতের উৎপাদন সরবরাহের তথ্য নিয়েও ইঁদুর-বিড়াল খেলছেন পিডিবির কর্মকর্তারা। চট্টগ্রামে এ বিষয়ে কথা হলে পিডিবি দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল সোমবার (২৩ অক্টোবর) বলেন, ‘সারাদেশে কেন্দ্রীয়ভাবে বিদ্যুতের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্ধারণ করা লোড অনুযায়ী দেশের প্রত্যেকটি এরিয়া বিদ্যুৎ পায়। শুধু ন্যাশনাল গ্রিড থেকে কম পাওয়ার কারণে বাধ্য হয়েই চট্টগ্রামে লোডশেডিং করতে হচ্ছে।

সোমবার দুপুরে ৭০-৮০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, গ্যাসের সংকট রয়েছে। এ কারণে বিদ্যুতের উৎপাদন কিছুটা কম। গত দু-তিন দিন ধরে লোডশেডিং হচ্ছে।

তবে লোডশেডিংয়ের বিষয়টি মানতে নারাজ পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার। তিনি বলেন, ‘দেশের কোথাও লোডশেডিং হচ্ছে না।’

তবে চট্টগ্রামের কর্মকর্তাদের বক্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চট্টগ্রাম বড় এলাকা। এখানে বিদ্যুতের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমাদের নোটিশে আসার সঙ্গে সঙ্গেই আমরা চট্টগ্রামে লোড বাড়িয়ে দিচ্ছি।’

বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গ্যাসের কিছুটা সংকট রয়েছে। যে কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়ছে। তারপরেও অন্য বিকল্প জ্বালানির সোর্স থেকে নিয়ে আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি।’

আগ্রাবাদের বাসিন্দা নুরুল ইসলাম টিটু বলেন, সোমবার সকাল ৯টা থেকে আমাদের বাসায় গ্যাস ছিল না। দুপুরের পরেও ছিল না। বিকেলে এসেছে। রাইস কুকারে রান্না করে খেতে হয়েছে।

বাকলিয়া এলাকার বাসিন্দা আনোয়ারা শিরীন বলেন, দিনে কয়েকবার করে বিদ্যুৎ যাওয়া-আসা করে। মাসের পর মাস এমন হচ্ছে। রোববার সন্ধ্যায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। কাউকে অভিযোগ করেও কাজ হয় না।

পিডিবির তথ্যমতে, আমদানি করা ভারতীয় তিনটিসহ দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে বর্তমানে ২৪ হাজার ৫৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে ভারতীয় তিন বিদ্যুৎকেন্দ্র থেকে ২৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা রয়েছে। সবশেষ গত ২২ অক্টোবর সারাদেশের সরকারি-বেসরকারি ১৫৯ বিদ্যুৎকেন্দ্রে পিক আওয়ারে ১১ হাজার ২৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

এর বাইরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ভারতের তিন বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা ১৬৭৯ মেগাওয়াট বিদ্যুৎ। ত্রিপুরা থেকে ১১৬ মেগাওয়াট, ভেড়ামারা এইচভিডিসি (হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট) দিয়ে ৮৫১ মেগাওয়াট এবং ঝাড়কান্দ আদানি পাওয়ার থেকে ৭১২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে দেশের জাতীয় গ্রিডে।

গত ২১ অক্টোবর সারাদেশের সরকারি-বেসরকারি ১৫৯ বিদ্যুৎকেন্দ্রে পিক আওয়ারে ১১ হাজার ৭৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর বাইরে জাতীয় গ্রিডে যুক্ত হয় ভারত থেকে আমদানি করা ১৩৭৮ মেগাওয়াট।

তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর চট্টগ্রামের ৩ হাজার ১৫৭ মেগাওয়াট সক্ষমতার ২২টি বিদ্যুৎকেন্দ্রে পিক আওয়ারে ১৫শ ৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। ওইদিন এস আলম গ্রুপের এস এস পাওয়ার থেকে যুক্ত হয়েছে ৪শ মেগাওয়াট। ২১ অক্টোবর চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদিত হয় ১৬শ ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে এস এস পাওয়ার থেকে যুক্ত হয় ৬২০ মেগাওয়াট।

চট্টগ্রামের ২২টি প্ল্যান্টের মধ্যে এই দুদিন ফার্নেস অয়েল সংকটের কারণে ১৩টিতে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। এর মধ্যে ২২ অক্টোবর ফার্নেস অয়েল সংকটে শিকলবাহা ১০৫ মেগাওয়াট বারাকা পাওয়ার প্ল্যান্টে ১৭ মেগাওয়াট, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে ৫৮ মেগাওয়াট, দোহাজারী কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে ২৯ মেগাওয়াট, জুলধা একর্ন পাওয়ারের ১০০ মেগাওয়াটের তিনটি প্ল্যান্টে ১২ মেগাওয়াট করে, ১১০ মেগাওয়াট কর্ণফুলী পাওয়ার প্ল্যান্টে ১৬ মেগাওয়াট, ১১৬ মেগাওয়াটের আনলিমা এনার্জিতে ৪৭ মেগাওয়াট এবং মীরসরাই ১৬৩ মেগাওয়াটের প্ল্যান্টে উৎপাদিত হয়েছে মাত্র ৭০ মেগাওয়াট বিদ্যুৎ।

তাছাড়া গ্যাস সংকটে বন্ধ রয়েছে ৪২০ মেগাওয়াট রাউজান বিদ্যুৎকেন্দ্র। বর্তমানে রক্ষণাবেক্ষণ জটিলতায় চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্টও বন্ধ। তবে চালু রয়েছে গ্যাসনির্ভর ২২৫ মেগাওয়াট শিকলবাহা রিসাইকেল পাওয়ার প্ল্যান্ট।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, চাহিদা দিয়েও ফার্নেস অয়েল নিচ্ছে না পিডিবি। বিপিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘অক্টোবর মাসের জন্য পিডিবির পক্ষ থেকে এক লাখ ৩৯ হাজার ৪৫০ টন ফার্নেস অয়েলের চাহিদা দেওয়া হয়। পিডিবির চাহিদা পূরণের জন্য ডলার সংকটের মধ্যেও ফার্নেস অয়েল সংগ্রহে রেখেছে বিপিসি। কিন্তু ২২ অক্টোবর পর্যন্ত চাহিদা থেকে মাত্র ৬২ হাজার ৫শ টন ফার্নেস অয়েল নিয়েছে পিডিবি।

ফার্নেস অয়েল সংকটে বিদ্যুৎ উৎপাদন কম হলেও বিষয়টি মানতে চাননি পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার। তিনি বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করছি। এক সোর্সে উৎপাদন কম হলে অন্য সোর্স থেকে নিয়ে উৎপাদন স্বাভাবিক রেখেছি।’

তবে চাহিদা দিয়েও বিপিসি থেকে ফার্নেস অয়েল সরবরাহ না নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে গ্যাসের অভাবেও নাকাল হতে হচ্ছে চট্টগ্রামের লোকজনদের। লাইনের গ্যাস না থাকলেও সিলিন্ডারের এলপি গ্যাস দিয়ে অনেক মানুষ রান্নাবান্নার কাজ সারছেন। তবে সাম্প্রতিক সময়ে দেশি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন কমে গেছে। বছরের ব্যবধানে প্রায় দুই থেকে তিনশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন কমে যাওয়ার তথ্য দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা।

পেট্রোবাংলার তথ্যমতে, গত ২২ অক্টোবর ২ হাজার ৬৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেছে পেট্রোবাংলা। এরমধ্যে দেশি গ্যাসক্ষেত্র থেকে ২ হাজার ৯১ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৬০১ মিলিয়ন ঘনফুট গ্যাস পায় পেট্রোবাংলা। চট্টগ্রামের জন্য কর্ণফুলী গ্যাসকে দেওয়া হয় ২৭৯ মিলিয়ন ঘনফুট গ্যাস। বর্তমানে দেশি গ্যাসক্ষেত্র থেকে ২ হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সক্ষমতা রয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) বলছে, বর্তমানে সারাদেশে গ্যাসের চাহিদা৪ হাজার ২শ মিলিয়ন ঘনফুট।

সবশেষ তথ্য অনুযায়ী, কেজিডিসিএলে ৬ লাখ ২ হাজার ৩৮৫ গ্রাহক রয়েছেন। এর মধ্যে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র, চারটি সার কারখানা, ১ হাজার ১৮৭টি শিল্প সংযোগ, ২০৫টি ক্যাপটিভ পাওয়ার, ২ হাজার ৯১১টি বাণিজ্যিক সংযোগ, দুটি চা-বাগান, ৭০টি সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং গৃহস্থালি সংযোগ রয়েছে ৫ লাখ ৯৮ হাজার একটি। বর্তমানে ৬০ হাজার গ্রাহক প্রিপেইড সুবিধার আওতায় রয়েছেন। বর্তমানে আরও এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের প্রকল্প চলমান। এরপর আরও চার লাখ ৩৮ হাজার একজন আবাসিক গ্রাহক প্রিপেইড মিটারের বাইরে রয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, ‘এখন গ্যাসের সংকট রয়েছে। আমাদের ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস হলে সবগুলো সমন্বয় করে চালিয়ে নেওয়া যায়। কিন্তু এখন চাহিদা মোতাবেক গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস কম পাওয়া যাচ্ছে। এখন সার কারখানা দুটিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমানো হয়েছে।

গৃহস্থালি গ্রাহকদের গ্যাস সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্যাসের চাপ কমে গেলে এমনিতেই আবাসিক গ্রাহকরা গ্যাস কম পান। চাপ বাড়লে স্বাভাবিক হয়ে যায়।’

Feb2
Feb2

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 July, 2026, 12:27 pm
কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চকরিয়া উপজেলার মছনিয়া কাটা এলাকায় বসতঘরের ওপর পাহাড়ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। এছাড়া আজ ভোরে চকরিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পৃথক দুই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

চকরিয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তাৎক্ষণিকভাবে মৃতদের নাম জানা যায়নি। ভোরবেলায় মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরে পাহাড়ধসে দুই শিশুসহ তাদের মা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন এবং তাদের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে বান্দারবানের লামায় আজিজনগরে একটি ঘটনায় একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী মারা গেছেন।

মৃত পাঁচজন হলেন- মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫)। অপর ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল (৩৪) ও স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের পর এলাকার মানুষের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, লামার আজিজনগরে পৃথক দুই ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 July, 2026, 11:51 am
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদালত এ রায় দেন। বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এর আগে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে ওই দিন রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। জামায়াতের প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন। লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। তাতে বলা হয়, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে বিজয়ী হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল (যতটুকু তার ক্ষেত্রে প্রযোজ্য) এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ স্থগিত থাকবে।

লিভ টু আপিল মঞ্জুরের পর গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন জামায়াতের প্রার্থী। ওই আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে বলেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়। অর্থাৎ, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল (যতটুকু তার ক্ষেত্রে প্রযোজ্য) প্রকাশ স্থগিত থাকবে।

আপিল বিভাগের আদেশের পর রিটটি চূড়ান্ত শুনানির জন্য ২১ জুন হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় শুনানি অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 July, 2026, 8:07 am
ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং সেখানকার ইহুদি জনগণের প্রতি নিজের অটল সমর্থন আবারও স্পষ্ট করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইয়েশিভা ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে তিনি নিজেকে ‘বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী (ইহুদিবাদী) রাষ্ট্রপ্রধান’ বলে দাবি করেন।

একই সঙ্গে তিনি পশ্চিমা সভ্যতার ভিত্তি, ধর্মীয় মূল্যবোধ এবং আর্জেন্টিনার নতুন পররাষ্ট্রনীতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

গত সোমবার স্থানীয় য়েশিভা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মিলেই তার কট্টর ইসরায়েলপন্থী পররাষ্ট্রনীতির সমালোচনাকারী রাজনৈতিক তাত্ত্বিকদের তীব্র সমালোচনা করেন।

কট্টর উদারতাবাদী (লিবার্টারিয়ান) তাত্ত্বিক হান্স-হারম্যান হোপের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক হওয়ায় হোপে বিরক্ত।’ এরপর উপস্থিত দর্শকদের করতালির মধ্যে তিনি গর্বের সঙ্গে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন।

রাজনৈতিক অবস্থানের পাশাপাশি নিজের দার্শনিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন মিলেই। তিনি দাবি করেন, পশ্চিমা সভ্যতার তিনটি মৌলিক ভিত্তি-জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তি- আসলে তাওরাত (তোরাহ) ও বাইবেলের ‘দশটি আদেশের’ (টেন কমান্ডমেন্টস) ওপর প্রতিষ্ঠিত।

বাইবেলের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জন্য আইনের ফলকে যা লেখা রয়েছে তা হলো: চুরি করা ভুল, হত্যা করা ভুল।’

তিনি আরও বলেন, বাইবেলের এক্সোডাস বা মিসর থেকে ইসরায়েলিদের ঐতিহাসিক প্রস্থানের কাহিনীর মধ্যেই স্বাধীনতার মূল ধারণা গভীরভাবে নিহিত রয়েছে। প্রথম আদেশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সেখানেই স্বাধীনতা, জীবন এবং সম্পত্তিকে অলঙ্ঘনীয় অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

নিজেকে একজন ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ (নৈরাজ্যবাদী-পুঁজিবাদী) হিসেবে পরিচয় দেওয়া হাভিয়ের মিলেই দীর্ঘদিন ধরেই ইহুদি ধর্মের প্রতি গভীর ব্যক্তিগত আগ্রহ দেখিয়ে আসছেন। নিয়মিত বিভিন্ন র‍্যাবাইয়ের (ইহুদি ধর্মযাজক) পরামর্শও নিয়ে থাকেন তিনি।

ধর্মীয় মূল্যবোধকে অপরিবর্তনীয় উল্লেখ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, এই মূল্যবোধগুলো নিয়ে কোনো ধরনের আপস করা যায় না। কিছু বিষয় নিয়ে আমরা কোনো আপস করব না এবং এই মূল্যবোধগুলোর ওপর ভিত্তি করেই পশ্চিমা সভ্যতার সব অগ্রগতি অর্জিত হয়েছে।

আধুনিক দার্শনিক চিন্তাধারার সমালোচনা করে মিলেই ‘নৈতিক আপেক্ষিকতাবাদ’ প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য, সামগ্রিক সব বিষয়ের জন্য কোনো নৈতিক আপেক্ষিকতাবাদ হতে পারে না; বরং পবিত্র ধর্মগ্রন্থগুলোতে এমন কিছু মৌলিক মূল্যবোধ নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা কখনোই লঙ্ঘন করা উচিত নয়।

২০২৩ সালের শেষভাগে ক্ষমতা গ্রহণের পর থেকেই আর্জেন্টিনার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন এনেছেন হাভিয়ের মিলেই। তিনি দেশটিকে চীন বা রাশিয়ার বলয় থেকে বের করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই প্রথম বিদেশ সফরে তিনি ইসরায়েল যান। সেখানে জেরুজালেমের পবিত্র ‘ওয়েস্টার্ন ওয়াল’ বা পশ্চিম দেয়ালে প্রার্থনা করার পাশাপাশি বুয়েনস এইরেসে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দেন, যা ফিলিস্তিনিদের দাবির প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়।