সীতাকুণ্ডে জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান, মুরগী ফার্ম, ভাড়াঘর এবং জেলেদের জাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত তিনটার সময় ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরহাটস্থ ধুমোরকুল জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রামবাসী আগুন নিভাতে এগিয়ে আসেন। তবে এর আগেই পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
জানা যায়, রাত তিনটার সময় হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে ঘুমন্ত মানুষজন চমকে উঠে। এ সময় মানুষজন ছুটাছুটি শুরু করে। আগুনে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন মোঃ ইলিয়াস, শামসুল আলম, জাহেদুল আলম, মোঃ ইউছুফ, রোপন দাশ ও বিন্দু লাশ দাশ। আগুনে জেলেদের জালসহ ৮টি দোকান, মুরগী ফার্ম এবং ভাড়া ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান তাদের প্রায় ১৩/১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা জানাতে না পারলেও স্থানীয় জেলেদের অভিযোগ তাদের মধ্যে বিরোধের কারণে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে বেশ কয়েকটি দোকান, ভাড়াঘর, খামার এবং জেলেদের জাল পুড়ে যায়। এতে আনুমানিক ১২/১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।


আপনার মতামত লিখুন