খুঁজুন
, ,

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 February, 2026, 12:27 pm
বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ৷ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলের কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সাথে কথা বলেছি। তাদের আমি বলেছি কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবেনা আপনার আশেপাশে সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন তিনি এটার সাক্ষী দিতে পারবেন।”

“আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান আমাকে রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।”

“আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই জেনারেটেড ছবি একটা বড় চ্যালেঞ্জ। সবগুলো চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোর অনেক কিছুই সীমান্তের ওপার থেকে হয়। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগনও সত্য মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার দেবে।”

জানা গেছে – ঢাকা ৮ আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন৷

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিইসি বলেন, “আমি ওয়াদা করেছিলাম একটু উৎসবমুখর পরিবেশে জাতিকে নির্বাচন উপহার দেবো। গত কয়েকদিন আপনারা দেখেছেন ঈদুল আযহা কিংবা ঈদুল ফিতরের মত মানুষ ট্রেন বাস ইচ্ছে করে গ্রামে-গঞ্জে গিয়েছেন ভোট দিতে। আমার নিজের গ্রামসহ অনেক জায়গায় কথা বলেছি। গ্রামের মানুষ ঈদের আমেজের মত ভোট দিচ্ছ। অনেকদিন পরে মানুষ যে ভোট দিতে পারছে এই আমেজ সাধারণ মানুষকে উদ্বেলিত করছ। ২০২৪ সালের নভেম্বর মাস থেকে দায়িত্ব নেবার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি৷ আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমি এত সাংবাদিক দেখে সত্যি আনন্দিত। কারণ আপনারা তৃতীয় চক্ষু। আমরা ঘরে বসে সব দেখতে পাবো না। আমরা চাই আপনাদের চোখ দিয়ে দেখতে৷ আমি সকালে উঠে অনেকগুলো টেলিভিশন চ্যানেল চেক করেছি দেখেছি সুস্থ সুন্দর নির্বাচন হচ্ছে। দুই একটা জায়গায় কেন্দ্রের বাহিরে ছোটখাটো সমস্যা হলেও সেগুলো সমাধান করা হয়েছে।”

তিনি বলেন, “এ নির্বাচনে আমার প্রায় ১৭ লক্ষ লোক কাজ করছে।এদের মধ্যে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই রয়েছে।”

Feb2
Feb2

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 11:56 am
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

​শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 11:49 am
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি জানা যায়।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা পার্থ এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আসছে।

অন্যদিকে, মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 8:43 am
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এরআগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)।

পুলিশ জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে জেলা পুলিশ। একপর্যায়ে চক্রটির সন্ধান পায় ডিবি।

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

গ্রেপ্তারের লক্ষ্যে এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবির একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে এলআইসি শাখার এএসআই মো. ইলিয়াছ শাহ, ডিবির এএসআই জহির উদ্দিনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের প্রথম ধাপে ২০ আগস্ট রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা তাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।