খুঁজুন
মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রসাধন করতে পারি— সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়— সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন— সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি।

মন্ত্রী বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে— আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।’

‘আর ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ— রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয় আছে— সেটা যাতে নিরাপদে সম্পন্ন করা যায় এবং যাতায়াত যাতে সহজতর করা যায় সে বিষয়ে আমরা সমন্বয় করেছি,’ যোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি না হয়। আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজারস নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন— ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কো-অর্ডিনেট করবেন অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতাদের সঙ্গে, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে।

মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস। সবগুলোর সঙ্গে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল তার সঙ্গে তার নিজের সৎ বাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং ৪৮ ঘণ্টার ভেতরে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরও দুই-একটা ঘটনার কথা আমরা জানি— চট্টগ্রামের ঘটনার কথাও জানি। আমরা অ্যাড্রেস করছি সব বিষয়গুলোকে। মবের সঙ্গে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’

ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের এক ধরনের আন্দোলন আমরা দেখে থাকি। আপনাদের দিক থেকে বেতন-ভাতা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘না, রমজানের আগে— মানে ঈদের আগে— আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ নেতা, বিটিএমইএ, বিকেএমইএ—তাদের সবার সঙ্গে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক। উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রে তারা আশা করছেন যে সবকিছুই তারা ঈদের আগে— বেতন, ভাতা, বোনাস ইত্যাদি— পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরও যদি দুই-একটা গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকেই আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন।’

Feb2

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে প্রমাণ করেছে যে, নেতৃত্ব ঠিক থাকলে সব সম্ভব। ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড। ভবিষ্যতে জাতীয় সব সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কৃষি কার্ডের মতো আরও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।

আমির খসরু বলেন, আমাদের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা এই ঝুঁকি নিয়েছি। এই কার্ড বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। সরকারি কর্মকর্তারা নির্দ্বিধায় ও স্বাধীনভাবে কাজ করে হতদরিদ্রদের খুঁজে বের করেছেন।

তিনি বলেন, পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মূল্যায়নের জন্য গৃহকর্তীদের বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে, যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ প্রধান প্রধান ডিপোগুলোতে অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়।

দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরিভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন।

এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পোশাকের গায়ে ডাবল স্টিকার, জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
পোশাকের গায়ে ডাবল স্টিকার, জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সোমবার (৯ মার্চ) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে দেখা যায়, পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে ‘জেন্টেল পার্ক’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করায় ‘শৈল্পিক’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ‘ইন্টার লিঙ্ক কসমেটিক’কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘আর বি কালেকশন’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।