খুঁজুন
, ,

পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 7 July, 2026, 4:14 am
পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পেন-পর্তুগাল মধ্যকার শেষ ষোলোর লড়াইয়ের প্রথমার্ধ ছিল বেশ রোমাঞ্চকর। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছে দুদল। সেই তুলনায় দ্বিতীয়ার্ধ ছিল অনেকটাই ম্যাড়ম্যাড়ে। স্পেনের আক্রমণ সামলাতেই সময় কাটিয়েছে পর্তুগিজরা। এভাবেই শেষ হয় ৯০ মিনিট। অবশেষে যোগ করা সময়ে মিকেল মেরিনোর করা গোলে জয় নিশ্চিত করে স্পেন।

এর মধ্য দিয়ে শেষ আটে জায়গা করে নিলো স্পেন। আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন ও পর্তুগাল ফুটবল দল। ম্যাচের ১২ মিনিটেই দুদল অন ও অফ টার্গেটে শট নিয়েছে মোট সাতটি।

ম্যাচের অষ্টম মিনিটে তো লিড পেয়েই যেত স্পেন। বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন ওইয়ারজাবাল। তার সামনে ছিল কেবল পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা। কিন্তু ওইয়ারজাবালের নেওয়া শটটি লক্ষ্যে ছিল না। সাইডবারের পাশ দিয়ে চলে যায় বলটি। সে যাত্রায় বেঁচে যায় পর্তুগাল।

পরক্ষণেই আক্রমণে উঠে পর্তুগাল। বুলেট গতির এক শট নেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বীরত্বের সঙ্গে শটটি কর্নারের বিনিময়ে ঠেকান স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তিন মিনিট পর ডাবল সেভ করেন পর্তুগালের গোলরক্ষক।

ম্যাচের ৩৮তম মিনিটে দলগত আক্রমণ করে পর্তুগাল। কিন্তু ডানপ্রান্ত থেকে সতীর্থদের দেওয়া ক্রসে হেড করেন জোয়াও ফিলিক্স। সেটি ফিরিয়ে দেন উনাই সিমন। সঙ্গে সঙ্গে কৌশলগত এক টোকা দিয়েছিলেন রোনালদো। এবার বাজপাখির মতো উড়ে এসে বল তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক।

তিন মিনিট পর দুর্দান্ত এক শট নেন নুনো মেন্ডিস। স্পেনের রক্ষণভাগের কল্যাণে সে যাত্রায় রক্ষা মেলে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলাতেও নিজেদের গতি ধরে রাখে স্পেন। অন্যদিকে পর্তুগাল ছিল অনেকটাই নিষ্প্রভ। স্প্যানিশদের একের পর এক আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকেন পর্তুগালের ডিফেন্ডাররা। এভাবেই কেটে যায় ৯০ মিনিট।

এমতাবস্থায় মনে হচ্ছিল অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে বসেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো। ফেররান তোরেসের দেওয়া পাসে গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশরা।

Feb2
Feb2

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 7 July, 2026, 10:14 am
বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

যুক্তরাষ্ট্রের লাল কার্ড-জনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে ফেরাতে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা চলছে বিশ্বজুড়ে। সেই ফোলারিন বালোগানকে নিয়েই মার্কিনিরা আজ (মঙ্গলবার) বেলজিয়ামের মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছে। তাদের ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লুকাকু-ডি ব্রুইনার বেলজিয়াম।

সিয়াটলের লুমেন ফিল্ডে নামার আগে যুক্তরাষ্ট্রের দিকে নজর ছিল পুরো বিশ্বের। আসরজুড়ে আক্রমণাত্মক ফুটবলে আকর্ষণ জাগানো দলটি অবশ্য আসরে নিজেদের সবচেয়ে বড় ম্যাচে ছন্দে ছিল না। উল্টো বেলজিয়ামের উন্নত ফুটবলের সামনে ছিল অসহায়, মার্কিনিদের একের পর এক ভুলও তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুলেই হয়েছে দুটি গোল।

যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিতের পথে বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল এবং হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। এর আগে মালিক টিলম্যান এক গোল করে সমতায় ফিরিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে। প্রথম বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে আসা বেলজিয়াম গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল। একইসঙ্গে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল তারা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচ জিতেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০০২ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। এছাড়া ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে জয়ের পর থেকে বেলজিয়ামের বিপক্ষে টানা সপ্তম পরাজয় এটি। ইউরোপের দলের বিপক্ষে নিজেদের শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। একমাত্র জয়টি ছিল রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

ম্যাচের অষ্টম মিনিটেই ডি কেটেলারে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। চলতি বিশ্বকাপে এটিই প্রথম ম্যাচ, যেখানে শুরুতে পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ৩১ মিনিটে টিলম্যান নিজের টুর্নামেন্টের দ্বিতীয় ফ্রি-কিক গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। তবে কিক-অফের মাত্র ৬১ সেকেন্ড পরই আবার গোল হজম করে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো বেঞ্চের সামনে রাখা বোতলের র‌্যাকে লাথি মারেন, ছিটকে যায় চারটি পানির বোতল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক ম্যাট ফ্রিজের মারাত্মক ভুল থেকে তৃতীয় গোল পায় বেলজিয়াম। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু দলের চতুর্থ গোলটি করেন।

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 7 July, 2026, 1:36 am
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের পর তিনি এসব কথা বলেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশে বিস্ফোরণ ঘটানো হয়।

সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, এই সাভার থেকে আমরা আগস্টে কর্মসূচি সমাপ্ত করছিলাম। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। আমরা মনে করি প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই- জবাব দিতে হবে। কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার জবাব দিতে হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আপনারা হুঁশিয়ার থাকুন। আমরা জুলাইয়ের আন্দোলন চালিয়ে যাব। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব, সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবি সফলভাবে আদায় নিশ্চিত করব।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, এই সভার দায়িত্বে যারা ছিল—পুলিশ প্রশাসন, ডিসি—কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল? কীভাবে এটা ঘটল? এই এলাকার এমপি কী করছে? সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে?

তিনি বলেন, আজকে এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপিকে আমরা জবাবদিহিতার আওতায় আনব।

ঘটনার বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, বিচার চাই। কোনো সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদের প্রশ্রয় দেবে, যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনিদের প্রশ্রয় দেবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, এনসিপির পদযাত্রা চলমান থাকবে। ভয়ভীতি, বোমাবাজি—সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে।

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 6 July, 2026, 11:12 pm
১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার সব ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও রয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনা বিবেচনায় পর্যটক এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ সময় পর্যটক, ট্যুর অপারেটর, স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ।