খুঁজুন
, ,

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 19 July, 2026, 6:04 pm
ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার সব সরকারি দপ্তর ও সরকারি আবাসিক ভবনের ছাদে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে কর্মসূচিতে ভালো পারফরম্যান্স দেখানো দপ্তরকে পুরস্কৃত করা এবং অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সরকারি বাসা বরাদ্দ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ ঘোষণা দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন সঞ্চালনা করেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল ও আবাসন থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে। তিনি বলেন, ‘আগামী ২৫ জুলাইয়ের ছাদ পরিষ্কার কর্মসূচি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে চাই। জেলা, উপজেলা এবং অধীনস্থ সব দপ্তরে এটি বাস্তবায়ন করতে হবে। সারা দেশে যেন বোঝা যায়, চট্টগ্রাম পরিচ্ছন্নতা ও সচেতনতার একটি উদাহরণ সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘নিজের অফিস, নিজের বাসা থেকেই পরিচ্ছন্নতা শুরু করুন। এই দেশ আমাদের, এই মাটির সন্তান আমরা। নগরটিকে বাসযোগ্য করার দায়িত্বও আমাদের সবার।’

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দপ্তরকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আগে ও পরে ছবি এবং ভিডিও জেলা প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, এসব মূল্যায়ন করে আগামী জেলা উন্নয়ন সমন্বয় সভায় সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হবে।

সরকারি আবাসনের ছাদবাগান নিয়ে আসা অভিযোগের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, ছাদবাগান অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু পরিচর্যার অভাবে যদি নিচতলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন বা পানি চুইয়ে পড়ে জনভোগান্তি সৃষ্টি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘পরিষ্কার বার্তা দিয়ে দিন। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরকারি বাসা বরাদ্দও বাতিল করা হবে।’

জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি অফিস, সরকারি আবাসন এবং জনপরিসরে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

সভা শেষে জেলার সব সরকারি দপ্তর ও উপজেলা প্রশাসনকে ২৫ জুলাইয়ের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক তদারকি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

জেএন/এমআর

Feb2
Feb2

ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভেজাল উৎপাদন : ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 July, 2026, 7:58 pm
ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভেজাল উৎপাদন : ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

আইসক্রিম থেকে প্রসাধনী- জনপ্রিয় চার প্রতিষ্ঠানের আটটি পণ্যে মিলেছে স্বাস্থ্যঝুঁকি পূর্ণ উপাদান। ল্যাবরেটরি পরীক্ষায় কোনো পণ্যে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, কোনো পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, আবার কোনো পণ্যে পাওয়া গেছে প্রয়োজনীয় পুষ্টিগুণের ঘাটতি। এমন পরিস্থিতিতে এসব পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

একইসঙ্গে লাইসেন্স ও অনুমোদন নতুন করে ঠিক না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের ‘আমের আচার’-এ অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি ক্ষতিকর প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সাধারণ মানুষের পছন্দের ব্র্যান্ড কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিখ্যাত ‘বেলিসিমো’ ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট’ আইসক্রিমে দুধের চর্বিহীন কঠিন অংশ বা টোটাল মিল্ক সলিড নন ফ্যাটের পরিমাণ দেশের নির্ধারিত মানদণ্ডের চেয়ে অনেক বেশি পাওয়া গেছে।

সবচেয়ে ভীতিজনক তথ্য মিলেছে প্রসাধন পণ্যে। অলিভ বাংলাদেশ লিমিটেডের ‘লাবণ্য’ ব্র্যান্ডের স্কিন লোশন, ফেসওয়াশ ও শ্যাম্পুতে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর অণুজীব বা ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। এই ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, এলোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং অ্যালোভেরা ভেরিয়েন্টের শ্যাম্পুতে।

এছাড়া ডেকো ফুডস লিমিটেডের ‘ডেকো ফ্রুট ফান্ডা’ ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ স্বাদের সফট ড্রিংক পাউডারে আবার শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘সি’ পাওয়া গেছে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম।

ভোক্তা ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসটিআই দেশের সব ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের বাজার থেকে এসব পণ্য অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

এই নির্দেশ ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা তা মাঠ পর্যায়ে কঠোরভাবে তদারকি করা হবে এবং কোনোরকম গাফিলতি বা আইন অমান্য করা হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ক্রেতাদের বিশেষভাবে সতর্ক করে বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই বিএসটিআই’র লোগো, লাইসেন্স নাম্বার, উৎপাদনের তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ভালো করে দেখে নিতে হবে। পণ্যের মান নিয়ে কোনো সন্দেহ বা জালিয়াতির প্রমাণ পেলে দ্রুত বিএসটিআই কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন।

মেয়রের মধ্যস্ততায় গাড়ী বন্ধের কর্মসূচী স্থগিত করল প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 July, 2026, 7:47 pm
মেয়রের মধ্যস্ততায় গাড়ী বন্ধের কর্মসূচী স্থগিত করল প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করার পর ৪৮ ঘন্টা গাড়ী বন্ধের কর্মসূচী স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করে সংগঠনটির নেতৃবৃন্দ।

সভায় মেয়র বলেন, মাত্রই ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। আপনাদের দাবী বিবেচনার জন্য সরকারকে সময় দিতে হবে। আমাদের অর্থ ও পরিকল্পনামন্ত্রী মহোদয় আপনাদের দাবীগুলোর বিষয়ে অবগত আছেন। বন্দরের সাথে দেশে অর্থনীতি ও গণমানুষের ভাগ্য জড়িত। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আপনাদের দাবীগুলো সরকার বিবেচনা করবে। আপনারা গাড়ি বন্ধ রাখার কর্মসূচি থেকে সরে আসুন।

মেয়রের আহবানের প্রেক্ষিতে সভা শেষে সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, সংগঠনটি সড়ক মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মোটরযান প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের উপর অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধি করায় এবং দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম করার পরও ১১ দফা দাবী আদায় না হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার ভোর ০৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ০৬টা পর্যন্ত লক আউট এর মাধ্যমে ৪৮ ঘন্টা গাড়ী বন্ধের কর্মসূচী ঘোষণা করেছিল।

১১ দফার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন, আগের রেজিস্ট্রেশন করা প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা ও কনটেইনারবাহী ২০ ফুট গাড়ির নামে ফ্লাটবেড উল্লেখ করা, মামলা ও হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর ভ্যাট ও ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রীম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স দেওয়া, স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা, চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ীর জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করে অন্যান্য সমস্যা সমূহ দ্রুত সমাধান করতে হবে, বাংলাদেশ শ্রম আইনের সাংঘর্ষিক আইন সমূহ সংস্কার পূর্বক পণ্য পরিবহন সেক্টরের জন্য আলাদা ভাবে শ্রম আইনের বিধি ও নীতি মালা প্রণয়ন করতে হবে এবং সমগ্র বাংলাদেশের সড়ক মহাসড়কে চলাচলরত সকল পণ্যবাহী গাড়ি থেকে মালামাল চুরি, ডাকাতি এবং ড্রাইভার/হেলপারদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুন সহ প্রাইম মুভার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 July, 2026, 7:05 pm
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। চার বছরেরও কম সময়ে চতুর্থ এবং এক দশকের মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে সোমবার দেশটির প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি।

দেশটির দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহ্যাম। এরপর সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় দেশটির নতুন সরকার গঠনের জন্য বার্নহ্যামকে আমন্ত্রণ জানান রাজা চার্লস। তার কিছুক্ষণ আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন স্টারমার।

রাজার কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র সরাসরি ডাউনিং স্ট্রিটে যান। সেখানে মন্ত্রিসভা ঘোষণার আগে উপস্থিত গণমাধ্যমের সামনে বক্তব্য দেন তিনি।

রাজনৈতিক একাধিক ভুল পদক্ষেপ এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অনেক লেবার এমপি ও কয়েকজন মন্ত্রীর সমর্থন হারিয়েছিলেন। ব্রিটেনের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে তাকে সরানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সহযোগীদের আয়োজিত উপ-নির্বাচনের মাধ্যমে সংসদে ফেরেন বার্নহ্যাম।

দল থেকে অন্য কেউ নেতা হওয়ার প্রতিযোগিতায় না নামায় বিনা-প্রতিদ্বন্দ্বিতা এবং সীমিত পর্যালোচনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বার্নহ্যাম।

২০২২ সালেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই লিজ ট্রাসের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলেন সুনাক। এমনকি ট্রাসের সর্বশেষ মন্ত্রিসভায় কাজের অভিজ্ঞতাও ছিল তা।

বার্নহ্যাম এর আগেও দেশটির এমপি এবং ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য ২০১৭ সালে সংসদ ছেড়েছিলেন তিনি।