খুঁজুন
, ,

১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 October, 2026, 8:30 pm
১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। সেই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতিলিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ভোক্তারা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

Feb2
Feb2

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 October, 2026, 7:57 pm
পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনা হবে।

আজ রোববার জঙ্গল সলিমপুরে চলমান উন্নয়নকাজ পরিদর্শনের সময় জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় তিনি আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘জঙ্গল সলিমপুরকে একসময় “স্টেট উইদিন স্টেট” বলা হতো। ৯ মার্চের আগে জায়গাটি সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, এরপর সেই পরিস্থিতি বদলেছে। এখানে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।’

এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জাহিদুল ইসলাম বলেন, সড়কগুলোর কাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেওয়াও সহজ হবে।

জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক সেসব জায়গা, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন।

তিনি বলেন, ‘আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাস

পরিদর্শনের সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার পাশাপাশি শিক্ষকদের বেতনসংক্রান্ত সমস্যার কথা জেলা প্রশাসককে জানান।

জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘এই শিক্ষার্থীরা আমাদের সমাজের প্রাণ। তাদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।’ শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজকে নির্দেশনা দেওয়া হয়।

এদিন দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি স্কুলব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা এবং ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে চকলেটও বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, শিক্ষকদের সম্মান করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।

জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, এখানকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব দেখলে এলাকাটি সম্পর্কে অনেকের ধারণা বদলে যেত।

৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রমের সময় সহযোগিতার জন্য আলীনগর স্কুল ও এসএম পাইলট স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। তিনি বলেন, সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য বিদ্যালয় দুটি জায়গা দিয়েছিল।

পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 3 October, 2026, 8:05 pm
ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে অংশগ্রহণের মুহূর্তের ছবিটি প্রকাশের পর বিষয়টি আলোচনায় এসেছে।

আওয়ামীলীগের কাছে অনেক অস্ত্র রয়েছে, এসব অস্ত্র উদ্ধার করতে হবে: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 3 October, 2026, 7:55 pm
আওয়ামীলীগের কাছে অনেক অস্ত্র রয়েছে, এসব অস্ত্র উদ্ধার করতে হবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। তবে কিছু কিছু নেতাকর্মী এখনো দেশে রয়ে গেছে। যেসব নেতাকর্মী এখনো দেশে রয়েছেন, তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগই এখনো উদ্ধার হয়নি। তাই এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসন তাদের সম্পর্কে জানে। তাই অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করুন।

তিনি শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর লালদিঘীর পাড়স্থ জেলা পরিষদ চত্বরে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশ শেষে জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি লালদিঘীর পাড়, বক্সি বিট হয়ে আন্দরকিল্লা মোড় হয়ে গিয়ে শেষ হয়।

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা জানেন আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোথায় আছে। আমি অনেকবার বলেছি, আপনারা দেখেছেন, তারা ৫ আগস্টের আগে মানুষ মেরেছে, ছাত্র জনতা হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছিল এবং থানা থেকে অস্ত্র লুট করেছে। তাদের কাছে এখনো অনেক অস্ত্র আছে, যার বেশির ভাগই উদ্ধার হয়নি। আমরা এমন খবরও পেয়েছি, পাঁচ হাজার টাকা দিলেই নাকি বোমাবাজি করা যায়।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রতিবাদ করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা সেভাবে পালিয়ে যাইনি। আমাদের নেতাকর্মীরা জেল, রিমান্ড, মামলা হামলা, গুম ও খুনের শিকার হওয়ার পরও রাজপথে ছিল।

তিনি বলেন, আমাদের ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা হত্যা মামলার আসামি। তিনি যদি দেশে আসতে চান, তাহলে আইনের মাধ্যমে আসতে হবে।

ডা. শাহাদাত বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছে। বিদেশে বসে তাদের উসকে দিচ্ছে। শেখ হাসিনার জন্য ফাসির রশি রেডি আছে।

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, আইনি ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের সাজা বা দণ্ড নির্ধারিত হওয়ার পরেই কেবল তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে, অন্যথা তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই।

​পাশাপাশি বিরোধী দলগুলোর দায়িত্বশীলতার বিষয়ে তিনি বলেন, সম্প্রতি তাদের এক নেতা বিমানবন্দরের অভ্যন্তরে বিমানের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ও অসংলগ্ন আচরণ করেছেন। অপরাধমূলক আচরণের কারণে তাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন বিরোধী দল সেই আইনি পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করছে, যা মোটেও যুক্তিসঙ্গত নয়।

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, দেশে যারা মানুষ হত্যা করেছে, শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, থানা ও অস্ত্র লুট করেছে তারা এখনো সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হত্যা, নাশকতা ও সন্ত্রাসের মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, বোমাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মো. ইসমাইল বালি। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শাহ আলম, হাজী নুরুল আকতার, হামিদ হোসাইন, হেলাল চৌধুরী, আবদুল বাতেন, একেএম পেয়ারু, গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, ওয়ার্ড বিএনপির আকতার খান, এস এম মুফিজ উল্লাহ, খন্দকার নুরুল ইসলাম, আলাউদ্দীন আলী নুর, আলী আব্বাস খান, সাদেকুর রহমান রিপন, আবদুল মান্নান, মো. হাসান, সাব্বির আহমেদ, জসিম মিয়া, আবু ফয়েজ, দিদারুল ইসলাম, মো. সালাউদ্দীন, ইকবাল হোসেন সংগ্রাম, আলমগীর আলী, জাহেদ আহমেদ, উছমান গনী, থানা বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সেলিম, থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরু, সদস্য সচিব মো. হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এন মো. রিমন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী জুয়েল, সাইফুল আলম জনি প্রমুখ।