কেশম দ্বীপে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দর বেড়েছে।
আল-জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ দশমিক ৯৩ ডলারে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪ মিনিট GMT-এ এসব দর রেকর্ড করা হয়।
তবে এর আগের দিন সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের বাজার তথ্য অনুযায়ী, সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ দশমিক ৭৭ ডলারে নেমে আসে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের কয়েকজনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেআই/



আপনার মতামত লিখুন