রমজানে টিসিবির সাশ্রয়ী পণ্য পাবেন আরও ৬ লাখ মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১১ রাত
রমজানে টিসিবির সাশ্রয়ী পণ্য পাবেন আরও ৬ লাখ মানুষ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার প্রতিদিন ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নতুন করে আরও ছয় লাখ মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাবেন। সব মিলিয়ে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৪০ লাখে।

গত রমজানে সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করেছিল টিসিবি। এবার সেই সংখ্যা ৭০টি বাড়ানো হচ্ছে। পাশাপাশি স্মার্ট কার্ডধারীদের বাইরে কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের কাছেও সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজানে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি।

এদিকে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিও আগের বছরের তুলনায় বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে।

তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। ভোজ্যতেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে।

চিনি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিতেও বড় প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে দেশে ছোলা এসেছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

অন্যদিকে, মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। খেজুর আমদানিও বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির বিষয়টি সরকার বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবি চেয়ারম্যান আরও জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সূত্র: বাসস

Feb2
Feb2