বেশি দামে কিনেও সরকার গ্যাসের দাম বাড়ায়নি: সংসদে জ্বালানিমন্ত্রী
গ্যাসের দাম সরকার বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে গৃহস্থালি ও অন্যান্য খাতে গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বায়োগ্যাসভিত্তিক বিভিন্ন প্রকল্প নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করছেন। অন্যদিকে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালি পর্যায়ে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে উচ্চমূল্যে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখতে সরকার গ্যাস কিনছে। তবে এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।
এলপিজির মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ পণ্য আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়। ফলে এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।
বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের জন্যও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন