চট্টগ্রামে কিশোর গ্যাংসহ আটক দেড় হাজারের বেশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ সন্ধ্যা
চট্টগ্রামে কিশোর গ্যাংসহ আটক দেড় হাজারের বেশি

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত এসব অভিযানের ফলাফল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশ করে চট্টগ্রাম রেঞ্জ।

রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে।

অভিযানকালে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।

পুলিশের অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫, কুমিল্লায় ২১, লক্ষ্মীপুরে ৯, চাঁদপুরে ১০, কক্সবাজারে পাঁচ, ব্রাহ্মণবাড়িয়ায় চার, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, খাগড়াছড়িতে দুজন এবং বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। সেখানে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

Feb2
Feb2