চট্টগ্রামে নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার
২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে ৫ নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্য। ২২ জানুয়ারি গভীর রাত আড়াইটার সময় নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি সর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু ও চারটি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে(২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)।
তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগ সাজশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।
২২ জানুয়ারি গভীর রাতে এসব প্রতারক চক্রের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ প্রতারক চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন