চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরি, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ সকাল
চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরি, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির কয়েক ঘণ্টার মধ্যেই কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি উদ্ধার করা হয়। পরে জড়িতদের শনাক্ত করে প্রধান আসামি রুবেলকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।

গ্রেপ্তার রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় ভাড়া বাসায় থাকেন।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে।

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যানে করে টহলে বের হয়েছিলেন পুলিশ সদস্যরা। গাড়িটিতে একজন উপপরিদর্শকসহ (এসআই) সাতজন সদস্য ছিলেন। তাঁরা পুলিশ লাইনসের সামনে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর দেখতে পাননি।

বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। পরে সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। এরপর গাড়িটি উদ্ধারে একাধিক পুলিশ দল অভিযান শুরু করে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

Feb2
Feb2