করোনা : গৃহবন্দিদের ঘরেই চিকিৎসা দিবে উত্তর জেলা ছাত্রলীগের মেডিকেল টিম
২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব প্রিন্স : প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনায় মানুষ আজ গৃহবন্দি। জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে মিলছে না কোন চিকিৎসক। রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও সচল নেই গণপরিবহণ।
জাতির এমন ক্রান্তি লগ্নে গৃহবন্দি মানুষদের ঘরে ঘরে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার উদ্দ্যেশে গঠিত হয়েছে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে চিকিৎসকদের একটি সংগঠন। এ সংগঠনের লক্ষ্য সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও মোবাইল ফোনের সাহায্যে রোগীকে জরুরি মুহুর্তে নিজ ঘরেই চিকিৎসা সেবা পৌছে দেওয়া।
জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসারত চট্টগ্রামের ৩৪ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত হয় এ চিকিৎসক টিম।
এ সংগঠনের চিকিৎসক ডা. এস এম তৌফিক হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিশ্বের ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ গৃহবন্দি মানুষকে চিকিৎসা সেবা ঘরে পৌছে দেওয়ায় এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা শতভাগ প্রস্তুত আছি দেশের সংকট মুহুর্তেও দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য।
তিনি বলেন, এ সংগঠনে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলসহ জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ৩৪ জন চিকিৎসক রয়েছে। ভবিষ্যতে চিকিৎসকের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।
সংগঠনটির ৩৪ জন চিকিৎসকের রোগীদের বিনামূল্যে সেবা প্রদানে যাবতীয় সব খরচ উত্তর জেলা ছাত্রলীগ বহন করবে বলে জানিয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের মানুষের চরম বিপর্যয়ের সময় সাহায্য সহযোগীতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইতিমধ্যে করোনা মোকাবেলায় উত্তর জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষদের হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্ল্যাপ্স ও বিভিন্ন প্রকার ওষুধ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর পরে সংগঠনের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডিজিটাল সেবা হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত চট্টগ্রামের একঝাঁক চিকিৎসকদের একত্রিত করে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে একটি সেবামূলক সংগঠন হিসেবে তৈরি করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্যও অনেক সময় জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগ হয়ে থাকে। এতে করোনা ভাইরাস আতঙ্কে আতংকিত না হয়ে তাদের অনলাইন চিকিৎসা সেবার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে মানুষকে ঘরে রাখাটাই হবে ছাত্রলীগের প্রাপ্তি।
উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, এ সংগঠনের লক্ষ্য হলো করোনা মোকাবেলায় গৃহবন্দি মানুষরা যাতে ঘরে বসেই তাদের জরুরি মুহুর্ত্বে প্রাথমিক চিকিৎসা সেবা পাই।
তিনি জানান জরুরি কোন অপারেশন কিংবা পেশাগত দায়িত্ব পালনে যদি কোন চিকিৎসক মোবাইল রিসিভ করতে না পারে সেক্ষেত্রে ম্যাসেজ করেও তার সমস্যার কথা জানিয়ে দিলে যথাসাধ্য চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন এ টিমের চিকিৎসকরা।
২৪ ঘন্টা/আর এস পি


আপনার মতামত লিখুন