খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম:ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
নীলফামারী প্রতিনিধি॥খাদ্য বান্ধন কর্মসুচীর চাল বিতরনে সময় অতিরিক্ত টাকা নেওয়ায় নীলফামারীতে হাবিবুর রহমান নামে এক ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(১৩ এপ্রিল) দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে ওই ডিলারের চাল বিতরনের পয়েন্টে সত্যতা পেয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভূমি)বেলায়েত হোসেন।
এ সময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।অর্থদন্ডিত হাবিবুর রহমান সেখানকার আতাউর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, খাদ্য বান্ধন কর্মসুচীর আওতায় ১০ টাকা কেজিতে ৩০ কেজি চাল সুবিধাভোগীদের কাছ থেকে তিনশত টাকা নেয়ার কথা থাকলেও উক্ত ডিলার তিনশত টাকার পরিবর্তে তিনশত দশ টাকা করে নিচ্ছিলেন। সুবিধাভোগিরা এর প্রতিবাদ করলে ডিলার তাদের চাল দেয়া বন্ধ করে দেয়। এমন কি সুবিধাভোগী ৫০০ জনের কার্ড নিজের হাওলায় নিয়ে নেয় ওই ডিলার।এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা সংরক্ষণ আইনে ডিলারের ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে টাকা পরিশোধ করেন তিনি।
এ বিষয়ে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান জানান, এ ঘটনায় ঐ ডিলারকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে খাদ্য বিভাগের পক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এতে তার ডিলারশীপ বাতিল হতে পারে।


আপনার মতামত লিখুন