চট্টগ্রামে ৬২টি মামলায় ১ লাখ ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ৬২টি মামলায় ১লাখ ২৩হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মহানগর জুড়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, করোনা সংক্রমণ প্রতিরোধে নদীর ঘাট ও জেটিতে সীমিত চলাচল, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখায় জনসচেতনতা তৈরি ও তদারকি করা হয়।
কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, আন্দরকিল্লায় তাজ এ মাস্ক, গগলস, স্যানিটাইজারের অতিরিক্ত দাম রাখায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সামাজিক দুরত্ব না মানায় ৩ জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
পাঁচলাইশ,খুলশী ও বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন। তিনি অননুমোদিতভাবে খুলে ব্যবসা করায় দুটি হ্যার্ডওয়্যারের দোকানকে ২হাজার টাকা, সামাজিক দূরত্ব না মানায় দোকানি ও ক্রেতাদের ২হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ জানান, এক নৌকায় ১৯ জন নিয়ে চলাচল করায় নৌকাটি জব্দ করা হয়েছে। শ্রমিকদের আলাদা ২ টি নৌকায় গন্তব্যে পাঠানো হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৬টি মামলায় সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর আকবরশাহ, পাহাড়তলি, হালিশহরে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম। তিনি জানান, ৬টি মামলায় ২হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। ওই সময় নগরীর কর্নেলহাট হতে নিউ মনছুরাবাদ রোডে ত্রাণের জন্য মানববন্ধনে জড়ো হওয়া লোকজনকে আকবর শাহ থানা পুলিশের সহযোগিতায় সরিয়ে দেয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া এলাকায় কাঁচা বাজার পরিদর্শন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে ব্যাপকভাবে সচেতন করেন। এ সময় ৭টি মামলায় ৬হাজার ৭শত টাকা জরিমানা করেন।
বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনা প্রয়োজনে নগরীতে প্রবেশ ও প্রস্থানের দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ৭টি মামলায় ৩৫ জন ব্যক্তিকে সাড়ে ১৯হাজার টাকা জরিমানা করেন।
পাহাড়তলী বাজারে অধিক মূল্যে চাল বিক্রয়ের অপরাধে খাজা স্টোরকে ৫ হাজার টাকা ও ইয়াসিন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হালিশহর এ ব্লকে গাউসিয়া সুইটসকে মেয়াদবিহীন বিস্কুট বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকাসহ ৯টি মামলায় ১৭হাজার ৪শত টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরি।
পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ এলাকায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু ৩টি মামলায় সাড়ে ৩হাজার টাকা জরিমানা করেন।
সদরঘাট, কোতায়ালী ও ডবলমুরিং থানায় বিভিন্ন অপরাধে ৯ টি মামলায় সাড়ে ৩হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এছাড়াও বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ৪টি মামলায় ৬হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন