করোনা/ যুক্তরাষ্ট্রে ১৭৮ বাংলাদেশিসহ মৃত্যু ৪০ হাজার ছাড়িয়েছে
২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় মৃত্যুর মিছিলে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ৩৮ দিনেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ৪০ হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। নতুন আরো ৮ জনসহ এ রিপোর্ট লেখার সময় সর্বমোট ১৭৮ জন বাংলাদেশি প্রবাসী করোনা ভাইরাসে মারা গেছে দেশটিতে।
আক্রান্তের দিক থেকেও দেশটি সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।
এভাবেই লাফিয়ে লাফিয়ে গত ৩৮ দিনে দেশটিতে ভয়াবহ আকার ধারণ করে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৮৯১ জনের। রবিবার তা বেড়ে ১ হাজার ৯৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৬১ জন।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৯০৫ জন। মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ১৭ হাজার ১৩ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে সর্ব প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন