খুলনার মার্কেট ও দোকানপাট ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত
যশোর (খুলনা) প্রতিনিধি :খুলনার সব মার্কেট ও দোকানপাট পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ফের খুলছে ।
সোমবার (১৮ মে) দুপুরে খুলনা চেম্বার অব কমার্স, ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র,খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পৃথক পৃথক সভায় বেশকিছু শর্তসাপেক্ষে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত( ১০ মে) সরকারি সিদ্ধান্তে খুলনার সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। ডাকবাংলো কেন্দ্রিক ১১টি মার্কেটে উপচেপড়া ভিড় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৫ মে ফের দোকানপাট বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে অনুসরণ, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলার শর্তে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্তগুলো কঠোরভাবে মনিটরিং করা হবে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেট খোলার সিদ্ধান্তের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ব্যবসায়ী নেতারা আবার বৈঠক করেছেন। বৈঠকে নগরীর ক্লে রোড এবং সিমেট্রি রোডের একাংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি মার্কেটের সড়ক একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক বলেছেন, ডাকবাংলোকেন্দ্রিক ১১টি মার্কেট ও পার্শ্ববতী এলাকার দোকানপাটে নারী ও শিশুরা প্রবেশ করতে পারবে না।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়


আপনার মতামত লিখুন