ঈদের আগেই মাধ্যমিকের সাড়ে ১২ লাখ শিক্ষার্থী পাচ্ছে উপবৃত্তির টাকা-শিক্ষামন্ত্রী
২৪ ঘণ্টা ডট শিক্ষাঙ্গণ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ঈদের আগেই মাধ্যমিকের সাড়ে ১২ লাখ শিক্ষার্থী পাচ্ছে তাদের উপবৃত্তির টাকা।
আজ ২০ মে বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই থেকে ডিসেম্বর ২০১৯ এর উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এক মহাদুর্যোগ মোকাবেলা করছি। এই দুর্যোগের সময় সরকার জনগণকে সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
উপবৃত্তির টাকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ঈদের আগেই ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীর কাছে পৌছে যাবে তাদের উপবৃত্তির টাকা।
তাছাড়া এ খাতে আগামী একমাসের মধ্যে আরও ৬০৬ কোটি টাকা বিতরণের তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে আরো ১২ লাখ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা পাঠানো হবে।
শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে আজ ২৩৬ কোটি ৯৩লক্ষ ৬৮ হাজার টাকা প্রেরণ করেছে। বাংলাদেশ ব্যাংক আজকের মধ্যে শিক্ষার্থীদের একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।
টিউশন ফি যাবে প্রধান শিক্ষকের একাউন্টে। যাদের বিকাশে একাউন্ট আছে তাদের বৃত্তির টাকা সরাসরি বিকাশ একাউন্টে চলে যাবে।
উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিকাশের প্রতিনিধিসহ অন্যরা।
জানা গেছে, অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জিটুপি এর মাধ্যমে এই উপবৃত্তি দেওয়া হচ্ছে।
জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে টাকা প্রেরনে তৃতীয় কোন পক্ষ জড়িত থাকে না বলে কোন রকমের ভোগান্তি থাকে না।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন