ঘূর্ণিঝড় আম্ফান:পটুয়াখালীতে নৌকাডুবে উদ্ধারকর্মী ও গাছচাপায় শিশুর মৃত্যু
ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানতে শুরু করেছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। প্রচারণা কাজ চালাতে গিয়ে পানিতে ডুবে সিপিপির টিম লিডার এবং গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের কারণে সাইক্লোন শেল্টারে লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে প্রচারণা কাজ চালাতে গিয়ে বুধবার সকালে নৌকা ডুবে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সিপিপির টিম লিডার মো. শাহ আলমের মৃত্যু হয়।
এদিকে পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খরিদা গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে মো রাশেদ (৫) সন্ধ্যার কিছুক্ষণ আগে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মো. মতিউল ইসলাম চৌধুরী।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সমুদ্র সৈকত কুয়াকাটাসহ গোটা উপকূলীয় এলাকায় প্রচণ্ড বেগে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি বইছে। সন্ধ্যার পর থেকে সমুদ্রে বড় বড় ঢেউ আচরে পড়ছে। ঝড়ে গলাচিপার পানপট্টি বাজারের ১০-১২টি দোকান উল্টে পড়েছে।
পায়রা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কলাপাড়ার ও রাঙ্গাবালীর উপজেলার ১৭টি চরের ২০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
এ পর্যন্ত জেলায় ৭৫৩টি সাইক্লোন শেল্টারে সাড়ে ৩ লাখ মানুষ এবং ৮০ হাজার গবাদিপশু আশ্রয় নিয়েছে। বিকেল থেকে পটুয়াখালীর বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে সাধারণ মানুষদের ট্রলারযোগে মূল ভূখণ্ডে সরিয়ে নেয় প্রশাসন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন