খুঁজুন
, ,

৫ দিনের ব্যবধানে করোনায় রাউজানের প্রবাসী দুই সহোদরের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 26 May, 2020, 4:31 pm
৫ দিনের ব্যবধানে করোনায় রাউজানের প্রবাসী দুই সহোদরের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নেজাম উদ্দিন রানা,রাউজান (চট্টগ্রাম): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ মে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান চট্টগ্রামের রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদের ১ম পুত্র মোহাম্মদ লোকমান (৪৮)।

করোনা পরিস্থিতিতে এমন দুঃসংবাদে পরিবারে নেমে আসে শোকের কালো ছায়া। পরিবারের বড় সন্তানের মৃত্যু শোক তখনো কাটিয়ে উঠতে পারেনি মৃত নজির আহমেদের পরিবার। এর মাঝে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে ঈদ। সমাজের আর দশটি পরিবারের মতো না হলেও শোকের আবহের মাঝেও বুকে পাথর চাপা দিয়ে ঈদ উদযাপন করে পরিবারটি। কে জানতো মাত্র পাঁচদিনের ব্যবধানে প্রবাস থেকে আসা আরেকটি দুঃসংবাদ শোকে স্তব্ধ করে দেবে সবাইকে।

স্থানীয় লোকজন ও রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলমের সাথে কথা বলে জানা গেছে, এলাকার মৃত নজির আহমেদের তিন পুত্রের মধ্যে সবাই প্রবাস জীবনে ছিলেন। পরিবারের বড় সন্তান মোহাম্মদ লোকমান (৪৮) ওমানে থাকতেন, মেঝ ছেলে মোহাম্মদ হারুণ (৪২) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকতেন আর ছোট সন্তান মোহাম্মদ রফিক আবুধাবীতে কর্মরত ছিলেন।

তিন সন্তান প্রবাসে থাকায় মৃত নজির আহমেদের পরিবারে ফিরে এসেছিল আর্থিক সচ্ছলতা। সম্প্রতি সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রবাস জীবনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত নজির আহমদের তিন পুত্রের মধ্যে লোকমান ও হারুণের উপসর্গ দেখা দেওয়ায় দুজনের করোনা রিপোর্ট পজেটিভ আসলে ওমান ও দুবাইতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুই ভাই। রাউজানে লকডাউনের পরিস্থিতিতে দুই সন্তানের করোনা আক্রান্তের সংবাদে মুষড়ে পড়ে মৃত নজির আহমেদের পরিবার।

প্রতিদিন চাতক পাখির মতো এই পরিবারের সদস্যরা অপেক্ষমান ছিলেন একটি সু সংবাদের। পুনঃ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসবে এই আশায় অপেক্ষার প্রহর গুনতে থাকেন করোনা আক্রান্ত লোকমান ও হারুণের পরিবার। এর মাঝেই গত ২১ মে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ওমানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান পরিবারের বড় পুত্র মোহাম্মদ লোকমান। এমন বিয়োগান্তক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পরে তার পরিবার। বিশ্বে করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় লোকমানের লাশ পরিবারের সদস্যদের অনুমতিপত্র নিয়ে ওমানেই দাফন করা হয়। ফলে শেষবারের মতো তার মুখটাও দেখার সুযোগ হয়নি পরিবারের। একদিকে পরিবারের বড় সন্তানের মৃত্যু অপরদিকে দুবাইতে আরেক সন্তান মৃত্যুপথযাত্রী কঠিন এই পরিস্তিতির মাঝেও নীরবে শোককে পাথরচাপা দিয়ে ঈদ উদযাপন করতে থাকা পরিবারে প্রবাস থেকে আসা আরেকটি দুঃসংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়ে নজির আহমেদের পরিবার। মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবারের মেঝ সন্তানটিও সবাইকে অশ্রুজলে ভাসিয়ে ২৫ মে ঘুম পাড়লেন চিরদিনের জন্য।
পর পর দুটি দুঃসংবাদ সাজানো একটি পরিবারের উপর যেন শক্তিশালী সাইক্লোনের মতো আছঁড়ে পড়ে তছনছ করে দিয়েছে পরিবারটির সাজানো স্বপ্নকে।
ঈদের দিনে এমন দুঃসংবাদ শুনে ঈদ আনন্দের মাঝে এনায়েত ফকির বাড়িতে নেমে আসে শোকের কালো ছায়া।

স্থানীয়রা জানান, লোকমানের মতো হারুণকেও প্রবাসের জমিনে দাফন করা হবে। কারণ বর্তমানে দেশে লাশ আনার সুযোগ নেই।

পরিবারের তিন প্রবাসী সন্তানের দুইজনের মৃত্যু শোকে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মৃত নজির আহমেদের পরিবারের সদস্যরা।

লোকমান ও হারুণ বিবাহিত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পিতার মৃত্যু সংবাদে দুই সহোদরের সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

শুধু এই পরিবারের সদস্যরা নয়, যারাই দুই ভাইয়ের মৃত্যু সংবাদ শুনেছে সকলেই চোখের জল সংবরণ করতে পারেনি। এলাকার মানুষের মুখে একটাই কথা, এই শোক পরিবারটি সইবে কেমনে?

পাঁচ দিনের ব্যবধানে দুই সহোদরের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলম বলেন, করোনা ভাইরাসে একই পরিবারের দুই সন্তানের মৃত্যুর বিষয়টি খুবই বিয়োগাত্মক ঘটনা।

১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, করোনায় আক্রান্ত হয়ে ৪ নং ওয়ার্ডে প্রবাসী লোকমানের মৃত্যুর বিষয়ে অবগত আছি। তার ছোট ভাই মারা যাওয়ার খবর এখনো পাইনি। ঘটনাটি হৃদয় বিদারক। আল্লাহ পরিবারটিকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুক।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:31 pm
প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে বা ঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। সাইবার হামলা ও নতুন বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন সরকারপ্রধান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সমগ্র আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা ও অন্যান্য শহরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি বিষয়। বাংলাদেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে কেবল প্রশিক্ষণের জন্য পৃথক রানওয়ে না বানিয়ে বিদ্যমান সুবিধার যথাযথ ব্যবহারকেই সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কথা স্বীকার করলেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির সহায়তায় ৫ থেকে ১০ দিনের আগাম পূর্বাভাসসহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও অন্যান্য দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে। পূর্বাভাস সক্ষমতা আরও আধুনিক ও নিখুঁত করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা বিশ্লেষণ ও দক্ষ জনবল তৈরির চেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পৃথক দুই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা আধুনিকায়ন ও বেসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের আইনি ভিত্তি তুলে ধরেন। শিরীন সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘In Aid to the Civil Power’ নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ও ক্রান্তিকালে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সরাসরি সহায়তা করে থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১২৯ ধারা অনুযায়ী অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:16 pm
১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৮৫ টাকা। গত মাসে যা ছিল ১৫৯৮ টাকা।

আজ বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয়েছিল ৭০ টাকা। যদিও জুলাইয়ে তার আগের মাস জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।