করোনায় প্রখ্যাত যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান’র মৃত্যু
প্রখ্যাত যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু।
আজ সোমবার (১ জুন) ভোরে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কয়েক দিন আগে বরেণ্য এই চিকিৎসক করোনায় আক্রান্ত হন। এর পর তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন চিকিৎসকরা।
ডা. ওয়াহিদুজ্জামান সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।
শিল্প-সংস্কৃতির রসে সিক্ত ডা. ওয়াহিদুজ্জামান মুঠোফোনে দৃষ্টিনন্দন ছবি তোলায় ছিলেন পারঙ্গম। মাঝে মাঝে তিনি ছান্দসিক কবিতাও লিখতেন।
এভাবে চলে যাওয়ায় শোকে ভাসছেন তার সহকর্মী, রোগী ও তাদের স্বজনরা।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোকের কথা জানিয়ে সদ্য প্রয়াত চিকিৎসকের জন্য দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন