টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত
-
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আজিজ (২৪) নামের একজন মাদক কারবারি নিহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৭টি কার্তুজ ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়া পাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালে আহমদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এই সময় এস আই কামরুজ্জামান, এএসআই মিশকাত ও কনস্টেবল রুমেন দাস আহত হন।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক মাদক ব্যবসায়ী আজিজকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রদীপ দাশ আরো জানান, নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন