লামায় ৬ ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা
লামা (বান্দরবান) প্রতিনিধি :বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটা সহ বিভিন্ন অভিযোগে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালার মাধ্যমে এ জরিমানা করা হয়।
সূত্র জানায়, ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় ৩০টি ইট ভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন বুধবার যৌথ অভিযান চালায়। এ সময় পিবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এফবিএম ইটভাটাকে ১ লক্ষ, বিবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা, এসবিডব্লিউ ইটভাটাকে ৩০হাজার, এফএসি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, জুনিয়র কেমিস্ট মো. আব্দুস সালামসহ পুলিশের সদস্য এবং ইটভাটার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরেরর জুনিয়র কেমিস্ট মো. আব্দুস সালাম।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, অবৈধ পাহাড় কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন, তাই অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
ইটভাটায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ বলেন, ইটভাটার মালিকরা অবৈধভাবে পাহাড় কেটেছেন, যা দন্ডনীয় অপরাধ। তাই তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/রফিক


আপনার মতামত লিখুন