করোনাভাইরাসে দেশে আরও ৩৩ প্রাণহানি,নতুন শনাক্ত ১৩৯৬
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩০৫ জন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ৪৩ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ ২৩ হাজার।
২৪ ঘণ্টা/মনিকা



আপনার মতামত লিখুন