ফ্রান্সে নবীকে অবমাননার প্রতিবাদে উত্তাল সিলেট
সিলেট ব্যুরো: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেট।
মহানবীকে অবমাননার প্রতিবাদে উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে বুধবার (৪ নভেম্বর) জোহরের নামাজের পর থেকে নগরের বন্দরবাজারের কামরান চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করার জন্য বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, আজকের মিছিল ও সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই গাড়িভর্তি হয়ে ছুটে আসতে শুরু করেন হাজারও জনতা। জোহরের নামাজের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে নগরের সিটি ও কোর্ট পয়েন্টসহ পুরো বন্দরবাজার এলাকা। নামাজের পরপরই শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করছেন। এ সময় বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল সহকারে তাওহিদি সিলেট নগরে ঢুকার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকসহ অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
২৪ঘণ্টা/এন এম রানা/বাপ্পা মৈত্র


আপনার মতামত লিখুন