খুঁজুন
, ,

নোবিপ্রবিতে শিক্ষকদের দেড় মাস ক্লাস পরীক্ষা বর্জনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 15 November, 2020, 12:17 am
নোবিপ্রবিতে শিক্ষকদের দেড় মাস ক্লাস পরীক্ষা বর্জনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শিক্ষা কার্যক্রম বন্ধের দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেলেনি সমাধান। দেড় মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে সারাদেশে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হয়েছে শিক্ষা কার্যক্রম। এতে সেশনজটসহ নানা ভোগান্তির সম্মুখীন হয়েছেন শিক্ষার্থীরা। গত ২৫ জুন ইউজিসির সঙ্গে এক ভার্চুয়াল সভায় ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করতে সম্মতি জানান। পরবর্তীতে ৩০ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

এরপর বিভিন্ন বিভাগে অনলাইন শিক্ষা কার্যক্রম চলতে শুরু করলেও গত ১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকলেও গত দেড় মাস ধরে অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি শিক্ষার্থী বান্ধব হতো তাহলে নিজেদের স্বার্থের জন্য এভাবে ক্লাস পরীক্ষা বর্জন করে থাকতেন? এভাবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আস্থার জায়গা হারিয়ে ফেলতেছি।

আবিরুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ক্লাস না করাতে চাইলে আমাদের ক্লাসের উপাদানগুলো দিয়ে দেওয়া হোক। পরবর্তীতে ক্যাম্প্যাস খুললে আমরা পরীক্ষা দিয়ে দিবো।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান, আমাদের ক্লাস, সিটি, এ্যাসাইনমেন্ট, সব কিছু এই বর্ষের মধ্যেই শেষ করতে হবে যাতে বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে পরীক্ষা দিতে পারি। আমাদের জীবন থেকে ১ টা বছর নষ্ট হয়ে গেছে। সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয় কিন্তু আামদের ক্লাস হচ্ছে না। আবার পরীক্ষা ও ফলাফল দিতে বিলম্ব হবে এবং চাকরির বাজারেও আমরা পিছিয়ে পড়ছি। হয়তো উনারা আমাদের কথা চিন্তা করছে নাহ কিন্তু দিন দিন আমরা মানসিক ভাবে ভেঙে পরছি।

বিশ্ববিদ্যালয়ের শুভ নামে একজন শিক্ষার্থী বলেন, এভাবে বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করলেতো হয়না। ক্লাস এর ব্যবস্থা অবশ্যই করা উচিত অথবা যেন খুলে দিলে পরীক্ষা নিতে পারে সে ব্যবস্থা করা উচিত। প্রশাসন ফাইনাল ইয়ার এর স্টুডেন্ট এর ক্ষতি কীভাবে পুষিয়ে দিতে পারবে? এভাবে হয়না। যেখানে অন্য জায়গায় আমাদের জুনিয়র ব্যাচ এর শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে আবার আমাদের সাথে অন্য ব্যাচের সবারই কোর্স শেষ। সেখানে এভাবে ক্লাস বন্ধ রেখে স্টুডেন্ট দের বসিয়ে রাখার অর্থ হয় না!

মহিউদ্দিন খন্দকার সজীব নামে এক শিক্ষার্থী স্ট্যাটাস দিয়ে বলেন, আমার সম্মানিত শিক্ষকরা কি আমার কিংবা আমাদের কথা ভাবছেন? তারা কি আমাদের ভালবাসছেন, যেভাবে আমরা তাদের ভালবাসি? আমার সম্মানিত শিক্ষকরা চাইছেন শিক্ষক নিয়োগ যাতে চালু হয়। কেন চাইছেন? যাতে করে যেসকল ডিপার্টমেন্টে শিক্ষক কম সেসকল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা ঠিক ভাবে ক্লাস করতে পারেন। এইজন্য উনারা কি করছেন? বর্তমান ক্লাস বয়কট করে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন। ব্যাপারটা কেমন আইরনিকাল হয়ে গেলো না?

এইদিকে ২০১৬ সালে ৭ ফেব্রুয়ারী ১৪ টি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা। অনেক বিভাগের ইতিমধ্যে অনার্সের সকল একাডেমিক কার্যক্রম ও চূড়ান্ত ফলাফলও প্রকাশিত হয়েছে। কোনো কোনো বিভাগের মাস্টার্সের ক্লাসের ১ম সেমিষ্টার ও প্রায় শেষের পথে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে একই বর্ষের শিক্ষার্থী হয়েও ব্যবসায় প্রশাসন বিভাগ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগ, ইংরেজী বিভাগ, অনুজীব বিজ্ঞান বিভাগ এবং জৈবপ্রযুক্তি ও জীন প্রকৌশল বিভাগের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নি।

এ সকল বিভাগের শিক্ষার্থীরা জানেও না তারা কবে পরীক্ষায় বসতে পারবে, আর কবেই বা চুড়ান্ত ফলাফল হাতে পাবে। এদিকে ১ বছরের জুনিয়র হওয়ার পরও শিক্ষাবর্ষ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ একই সেমিষ্টারে অবস্থান করছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ বর্ষের অনেক বিভাগের শিক্ষার্থীরা আটকা পড়ে আছে। কারো সেমিস্টার ফাইনাল বাকি কারো প্রজেক্ট, থিসিসের ডিফেন্স বাকি। এইভাবে দ্বিমুখী সমস্যায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও দুশ্চিন্তায় দিন পার করছেন।

দেড় মাস ক্লাস পরীক্ষা বর্জনের বিষয়ে জানতে চাইলে, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, যেহেতু সবকিছু অনলাইনেই তাই পরবর্তীতে ক্লাস বাড়িয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। অতিদ্রুত বিষয়টি সমাধান হয়ে গেলে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

এবিষয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, শিক্ষকদের ক্লাস বর্জনে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি খুবই দুঃখজনক। আগামীকাল এবিষয়ে শিক্ষকদের ডেকে বিষয়টি সমাধানের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে। শিক্ষা সচিব অসুস্থ থাকায় বিষয়টি সমাধান হতে দেরী হচ্ছে। আশা করি আগামী দু-একদিনের মধ্যে শিক্ষা সচিব অফিস কার্যক্রমের ফিরবে এবং নিয়োগ সংক্রান্ত সমস্যাটি সমাধান করবে।

অনার্স এবং মাস্টার্সের লাস্ট সেমিস্টারে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে আমাদের কাছে আসলে এমতাবস্থায় কি করা যায় আমরা বিষয়টি নিয়ে বিবেচনা করব।

২৪ ঘণ্টা/রিহাম/অনামিকা

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।