খুঁজুন
, ,

জাতীয় পার্টি নেতা আনোয়ারকে উদ্ধারে ২৪ ঘন্টার পর এবার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 10 January, 2021, 1:49 pm
জাতীয় পার্টি নেতা আনোয়ারকে উদ্ধারে ২৪ ঘন্টার পর এবার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন নিখোঁজের দীর্ঘ ১২দিনেও কোন ক্লু পায়নি পুলিশ। তাঁকে অতিদ্রুত জীবিত উদ্ধারের দাবীতে সাংবাদিক সম্মেলন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণার পর এবার মানববন্ধন করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা দিয়েছে লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির নেতারা।

৯ জানুয়ারী (শনিবার) দুপুর ১২টার দিকে লোহাগাড়া সদরের বটতলী মোটরস্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা জাতীয় পার্টি।

লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ছালেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ চৌধুরী মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক পার্টির সভাপতি ও জেলা জাপা’র সিনিয়র সদস্য মোহাম্মদ বাদশা, লোহাগাড়া উপজেলা ব্রীকফিল্ড মালিক সমিতির উপদেষ্টা শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: সেলিম উদ্দিন সওদাগর, যুগ্ম আহবায়ক মো: বাদশা, ডা: মোহাম্মদ আসিফ, মোঃ আব্বাস উদ্দিন, নিখোঁজ আনোয়ারের ছোট ভাই খোরশেদ আলম শিমুল ও সাইফুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা তথ্য-প্রযুক্তির এ যুগে আনোয়ার নিখোঁজের দীর্ঘ ১২ দিনেও পুলিশ কোন ধরনের ক্লু না পাওয়ায় চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেন।

এছাড়াও বক্তারা বলেন, কয়েকদিন আগে আমরা আনোয়ারকে জীবিত উদ্ধারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে না পারলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী পালন করার আল্টিমেটাম ঘোষণা দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় পার্টির নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করছি। আনোয়ারকে উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আনোয়ারকে উদ্ধার করতে না পারলে সড়ক অবরোধ করে দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন। এছাড়াও মানববন্ধনে নিখোঁজ আনোয়ারের ছোট ভাই খোরশেদ আলম শিমুল তাঁর ভাইকে অতিদ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরে দিতে সংশ্লিষ্ট প্রশাাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ দু’শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এদিকে, এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসাইন মাহমুদ বলেন, জাতীয় পার্টির নেতা আনোয়ার নিখোঁজের ঘটনার এখনো কোন ক্লু পাওয়া যায়নি। তবে তাঁকে দ্রুত উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বুধবার রাত ৮ টা থেকে ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় হত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিখোঁজ আনোয়ারের ছোট ভাই মো: সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪৪০) করেন। নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেন উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ মিয়া সওদাগরের পুত্র ও লোহাগাড়া উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি। তিনি গত ২০ অক্টোবর অনুষ্ঠিত লোহাগাড়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Feb2
Feb2

যুবদল নেতা ইকবাল হোসেন’র পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 3:21 pm
যুবদল নেতা ইকবাল হোসেন’র পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন এর পরিবারের পক্ষ থেকে উত্তর পতেঙ্গা সি ইউনিট বিএনপি নেতা হাজী ইলিয়াছ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অতিবৃষ্টির কারণে পানি বন্দি পরিবার এর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ইকবাল হোসেন পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং মাইজপাড় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উত্তর মাইজপাড়া ৪১ নং এবং ৪০ নং ওর্য়াড় মাইজপাড়া এলাকার ২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দরাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 2:34 pm
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এর আগে সকালে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 12:35 pm
বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের কারণে গত ৭ দিন ধরে দুর্বিষহ জীবন পার করছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারের প্রায় তিন লক্ষাধিক মানুষ। গত রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এ জেলায় পানিতে ডুবে এবং পাহাড়ধসে ২৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শুক্রবার দুপুরে, চকরিয়ার বরইতলী ইউনিয়নে বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবিতে রসুলাবাদ এলাকার আবদুল মালেকের মেয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার (১২) মৃত্যু হয়। এ ঘটনায় ঝর্ণার দুই বোনকে জীবিত উদ্ধার করা হয় যারা বর্তমানে চিকিৎসাধীন।

আগের দিন বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে মাইজ কাকারা এলাকায় পানিতে ডুবে প্রাণ হারায় স্থানীয় সোলতান আহমদের ২ বছর বয়সী ছেলে মোহাম্মদ ওয়াকিম।

একই দিন সকালে বন্যার পানিতে ভেসে গিয়ে চকরিয়া থেকে বিভক্ত হয় নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্পর (৩) এর মৃত্যু হয়। এছাড়া একইদিন ভোরে চকরিয়া উপজেলার মছনিয়া কাটা এলাকায় বসতঘরের ওপর পাহাড়ের মাটি চাপা পড়ে মারা যায় একটি পরিবারের দুই শিশু। কক্সবাজার সদর উপজেলা, পেকুয়া ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৫ জন রোহিঙ্গাসহ আরও ২১ জন প্রাণ হারিয়েছেন।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, বন্যায় ১০টি উপজেলার ৩৫টি ইউনিয়নের অন্তত ১৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সদর উপজেলা, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, বান্দরবান শহর থেকে পানি নামতে শুরু করায় মাতামুহুরি নদীর পানিও বেড়েছে। তাই চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার (মাতামুহুরীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, চকরিয়া ও মাতামুহুরীতে এক লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। ৯৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবারসহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং পানি দ্রুত নামাতে স্লুইস গেটগুলো সচল রাখতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আজাদ রহমান বলেন, সরকারি হিসেবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৬২ জন যার মধ্যে ৬৪৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪ হাজার ৬১ জন।

এছাড়া তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ২০০ টন চাল, ৪৫০ প্যাকেট শুকনো খাবার এবং ১২ লাখ ৪৫ হাজার নগদ টাকা। ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসকের কার্যালয়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শুক্রবার রাত পর্যন্ত জেলায় গত ৬ দিনে ৭শ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

এ কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার জন্য স্থানীয় সতর্ক সংকেত নম্বর ৩ বহাল রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আব্দুল হান্নান।