ফ্রি-পোর্ট থেকে হারিয়ে যাওয়া আয়েশাকে খুঁজে পেলো পরিবার
চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হারিয়ে যাওয়া আয়েশা আকতার (১০) খুঁজে পেয়েছে তার পরিবারকে।
গতকাল রবিবার নগরীর ফ্রি-পোর্ট কলসী দিঘীর পাড় থেকে মেয়েটি পথ হারিয়ে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেরর সমুদ্র পাড়ে চলে আসে।
কান্নারত অবস্থায় মেয়েটিকে জিন্মায় নেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এর ব্যক্তিগত সহকারী সাইদুল রহমান মারুফ।
আয়েশার মা তাসলিমা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রবিবার সকাল ৮ টার দিকে আমার মেয়ে বাসা থেকে খেলতে বের হয়ে পথ হারিয়ে সে কলসী দিঘীর পাড় দিয়ে হেঁটে চলে যায়।
সে এখানকার পথঘাট তেমন চেনে না। বেঁড়ি বাঁধের পার দিয়ে হাঁটতে হাঁটতে সে দুপুর ১টার দিকে ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমুদ্র পাড়ে গিয়ে কান্না কাটি করলে তাকে স্থানীয়
সাইদুল রহমান মারুফ তার কাছে রাখেন।
এদিকে মেয়েকে অনেক খুঁজাখুঁজির পর বিকালে এলাকায় মাইকিং করানো হয়। এরপর ২৪ ঘন্টা ডট নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ দেখে আমরা মেয়ের সন্ধান পায়।
তাসলিমা আরো বলেন, আমার মেয়েকে যারা আশ্রয় দিয়েছে এবং যারা নিউজ করে খুঁজে পেতে সহযোগীতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
এবিষয়ে আয়েশাকে আশ্রয় দেয়া সাইদুর রহমান মারুফ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার এখন খুবই ভালো লাগছে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে।
তিনি বলেন, পরিবারের ছোট বাচ্চাদের অন্তত ঘরের মোবাইল নম্বরটি মুখস্ত করানো দরকার যা বিপদের সময় খুব বেশি কাজে আসে।


আপনার মতামত লিখুন