রাউজানে ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা।
বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা থেকে জলিল নগর বাসস্টেশন পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার সড়কের উভয় অংশে মানববন্ধনে অংশ নেন ইট প্রস্তুুতকারী মালিক ও কয়েক হাজার শ্রমিক।
মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিকগণ।
মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির কর্মকর্তা আলহাজ্ব জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, অনুষ্টানের সমন্বয়ক সংগঠক সুমন দে, ডাক্তার সুজিত দত্ত, আজিজুল হক কোম্পানী, ইউনুচ কোম্পানী, সৈয়দ হোসেন কোম্পানী, এস এম শহিদুল্লাহ রনি, মুহাম্মদ সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে ২৮০টিরও বেশি ইটভাটায় প্রায় দুইলক্ষ আশি হাজারেরও বেশি শ্রমিক কর্মরত। বর্তমানে ইটভাটা বন্ধ থাকার ফলে এ সব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের পরিবারের কথা ভেবে ইটভাটাগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন ইটভাটা মালিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কয়েকজন শ্রমিক কান্নাজড়িত কন্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা বর্তমানে খুবই অসহায়ভাবে জীবন অতিবাহিত করছি। অনাহার-অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি আমরা। এভাবে ইটভাটাগুলো বন্ধ থাকলে না খেয়ে মরতে হবে আমাদের।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন