রাউজানে আয়নাঘর সৃষ্টিসহ সকল অপকর্মের কুশীলবদের বিচারের আওতায় আনা হবে: গিয়াস
রাউজান প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাতারাতি কোনোকিছু পরিবর্তন হবেনা। অন্তবর্তীকালীন সরকার মাত্র কিছু সময় পূর্বে দায়িত্ব নিয়েছে।
১১ অক্টোবর (শুক্রবার) রাউজান গহিরাস্থ বাসভবনে রাউজানের আয়নাঘর ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে রাউজানে নিরীহ মানুষের জায়গাজমি জবরদখল করা হয়েছে।
আমরা তথ্যগুলো যাচাই করে তালিকা তৈরি করছি। এগুলো ভূমি মন্ত্রনালয়ে পাঠানো হবে। গহিরা কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়নাঘর কিভাবে তৈরি হয়? কাদের নির্দেশে আয়নাঘর হয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। শুনেছি, সাবেক এমপির বাগানবাড়িতে নাকি আরো একটা আয়নাঘর রয়েছে। যারাই এই আয়নাঘর তৈরির নির্দেশদাতা, যাদের ইন্ধনে এগুলো গড়ে উঠেছে গণমাধ্যম কর্মীদের বিষয়টি সরেজমিনে গিয়ে প্রতিবেদন তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, আসাদুজ্জামান এনাম, মোহাম্মদ সাহেদুল মোস্তফা, সালাউদ্দীন সেলিম নেজাম, কে এম মাসুদ করিম, আহমেদ সোয়েকানু, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাশেদ।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, বিএনপির নেতা-কর্মীরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেনা। যারা দলের পরিচয় দিয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন