আনোয়ারায় অবৈধ ডলার ব্যবসার হোতা ওসমান আটক
আনোয়ারা প্রতিনিধি : অবৈধ ডলার ব্যবসায়ের হোতা ওসমান গনি (৩৮) নামের এক যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৮০০ মার্কিন ডলার।
বুধবার (১৬ জুন) বিকেল ৪টার উপজেলা ৪নং বটতলী ইউনিয়নের মোহছেন আউলিয়া মাজারের সামনে রুস্তম হাট বাজার থেকে অভিযান চালিয়ে ওসমান গনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা নগদ অর্থ পাওয়া যায়। আটক ওসমান গণি উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, ওসমান গণি উপজেলার বটতলী রুস্তম হাট এলাকাসহ নানা জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মার্কিন ডলারসহ অর্থ কালোবাজারের ব্যবসা করছিল। তার কাছে ডলার বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র কিংবা লাইসেন্স না থাকা সত্ত্বেও সে অবৈধ এই কাজের সাথে লিপ্ত। আনোয়ারায় অবৈধভাবে ডলার ব্যবসার হোতা এই ওসমানই।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ৪ হাজার ৮০০ মার্কিন ডলার ও নগদ অর্থসহ ওসমান গনি নামের এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২৪ ঘণ্টা/জাবেদুল


আপনার মতামত লিখুন