খুঁজুন
মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের জলে মেসির বিদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
চোখের জলে মেসির বিদায়

‘বিদায়’ শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই বিরহের। আর মেসি তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ২১ বছরের বন্ধন ছিন্ন করা চাট্টিখানি কথা নয়। আর্জেন্টাইন খুদেরাজের সেই বিরহ প্রকাশ হলো চোখের জল দিয়ে। রোববার সংবাদসম্মেলনে বিদায়ী বক্তব্য দিতে এসে অনেকটা সময় শুধু কাঁদলেন আর কাঁদলেন। এ সময় উপস্থিত বার্সার কর্মকর্তরাসহ ক্রীড়া সাংবাদিকদের চোখও ছলছল করে উঠে।

তারা মেসির জন্য আবেগ প্রকাশ করতে দাঁড়িয়ে যান সবাই। অনবরত হাততালি দিতে থাকেন। সে এক আবেগঘন পরিবেশের অবতারণা। অবশেষে মেসি নিজেকে সামলে নেন। স্ত্রীর কাছ থেকে টিস্যু নিয়ে চোখ-নাক মুছেন। এরপর জানালেন, কেন এতো কাঁদছেন। কেন এই বিচ্ছেদ বেশি পোড়াচ্ছে তাকে! কেন নিজেকে সামলে নিতে পারছেন না!

মেসি সত্যিটাই বললেন। তিনি বললেন, ‘এই জায়গা, এই ক্লাব যেখানে আমার জীবন পুরোপুরি বদলে গেছে সেটা ছেড়ে যাওয়ার অর্থ আজও আমি বুঝতে পারছি না। প্রথম স্কোয়াডে ছিলাম ১৬ বছর। এখন আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমার ব্যথা, অনেক বেশি ব্যথা। কারণ, আমি আমার ভালোবাসার ক্লাব ছেড়ে যাচ্ছি। এমনটা প্রত্যাশা করিনি। আমি সব সময়ই সত্যিটা বলেছি। গত বছর আমি ছাড়তে চেয়েছিলাম, এই বছর নয়। ব্যথাটা এ কারণেই। গত বছর বুরোফ্যাক্স নিয়ে নাটকের সময় (ক্লাব ছাড়তে হলে) আমি কী বলব, সেটা ঠিক করে রেখেছিলাম। কিন্তু এ বছর সবকিছু অনেক ভিন্ন। এটা আমার ঘর, আমাদের ঘর। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে।’

কষ্ট বেশি পাবার আরো একটি কারণ জানালেন মেসি। বললেন, ‘দেড় বছর ধরে মাঠে আমাদের সমর্থকদের দেখতে পাইনি। তাদের না দেখে বিদায় নিতে হচ্ছে, এই ব্যাপারটাই বেশি কষ্ট দিচ্ছে। তবে আমি এখানে আবার ফিরব, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি কথা দিয়েছি, আমি আবার এখানে ফিরে আসব।’

মেসি যখন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন তখন, ক্যাম্প ন্যুর বাইরে সমর্থকদের ভিড়। আর ভেতরের কক্ষে প্রথম সারিতে তিনটি চেয়ারে বসে মেসির তিন ছেলে। তাদের পাশে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। অন্যপাশে মেসির বার্সেলোনা সতীর্থরা সবাই একসঙ্গে। এছাড়াও ছিলেন সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ–কার্লোস পুয়োলরাও। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাসহ ক্লাবের অন্য কর্মকর্তারাও ছিলেন সেখানে। আর স্প্যানিশ গণমাধ্যমের সংবাদকর্মীরাও ছিলেন।

Feb2

এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা

কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক জরুরি নোটিশে সংস্থাটি জানায়, এই ঘাটতির প্রভাব পড়েছে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলে। এসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক নাও থাকতে পারে।

এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, আর আবাসিক গ্রাহকরাও রান্নার কাজে বিঘ্নের শঙ্কা প্রকাশ করেছেন।

পরীক্ষা সুন্দর হয়েছে, নকল-প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
পরীক্ষা সুন্দর হয়েছে, নকল-প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নকল-অনিয়মের তেমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আজকের এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি, সিসি ক্যামেরায় দেখেছি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসেরও কোনো ঘটনা নেই। আগামীতে এ ধরনের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মানিকগঞ্জে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমি কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, ওই এলাকার জনগণ তারাও এ পরীক্ষায় সহযেগিতার জন্য অংশ নিয়েছেন। পরীক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষা সুন্দর হয়েছে। এবারের পরীক্ষা সুন্দর হবে, এটা জাতি আগেই জেনেছে। কারণ আমরা সবাইকে সচেতন করেছি। অনৈতিকপন্থা পরিহার করতে অনুরোধ জানিয়ে এসেছি।

পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাতদিন সংরক্ষণের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।

পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ভুল সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহছানুল হক মিল বলেন, কেন্দ্রসচিবরা হলেন পরীক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কীভাবে সামাল দেবেন এটা তাদের জানার কথা এবং জানেনও। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

বাংলাদেশ পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনিফর্মের রঙ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে আবারও পুরোনো ঘরানার রঙে ফেরার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকে এখন থেকে গাঢ় নীল এবং হালকা অলিভ বা জলপাই রঙের সংমিশ্রণ দেখা যাবে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে এই পরিবর্তনের সপক্ষে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ইতিপূর্বে শার্টের রঙ লোহার মতো এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এই রঙ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এবং সাধারণ মানুষের মাঝেও এটি নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা পুনরায় রঙ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন।

পরিবর্তিত নতুন প্রস্তাবনা অনুযায়ী, দেশের সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা অলিভ বা জলপাই। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব বাদে পুলিশের অন্যান্য সকল ইউনিটের জন্য শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ হবে খাকি (টিসি টুইল)। এই নতুন রূপরেখা কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি বিধিমালা সংশোধনের খসড়া ইতিমধ্যই চূড়ান্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে, পুলিশের এই ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না। যেহেতু ইউনিফর্মগুলো নিয়মিত সরবরাহ ও প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয়, তাই বর্তমান বাজেটের মধ্যেই এই সমন্বয় করা সম্ভব হবে। দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাকের কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। মূলত বাহিনীর সদস্যদের সন্তুষ্টি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এই রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।