চকরিয়ায় ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১:২১ দুপুর
চকরিয়ায় ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চকরিয়া থানায় মামলা দায়ের করার পর ঘটনাটি জানাজানি হয়। এর আগে গত ১৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার কোনাখালী ইউনিয়নের এবিসি সড়কের মরংঘোনা এলাকা থেকে অপহৃত হয় ওই স্কুল ছাত্রী।

এজাহার সূত্রে জানা গেছে, কোনাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে মো. সোহেল স্কুলে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে ১৩ আগস্ট সন্ধ্যায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সোহেল তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে একটি সিএনজি অটো রিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে আর কোন হদিস মেলেনি অপহৃত ওই স্কুল ছাত্রীর।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ভিকটিমের বাবার দেয়া একটি লিখিত এজাহার পেয়েছি। আসামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়। বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এন-কে

Feb2
Feb2