চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ
চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে নগরীতে এ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক, বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা, আমাদের সকলের প্রিয়মুখ নাসির উদ্দিন নোবেল চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)
প্রিয় নোবেল কিছুদিন আগেও আমাকে বলছিলেন নির্বাচন করবেন, এলাকায় জনপ্রতিনিধি হতে চেয়েছিলেন। খুবই উৎসাহী ছিলেন। নির্মমভাবে এই সম্ভাবনাময় মানুষকে বিদায় নিতে হলো। আমরা সবাই বাকরুদ্ধ। আমি কক্সবাজারের প্রশাসনের সাথে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য। এই হত্যাকান্ড পরিকল্পিত, একজন সম্ভাবনাময় তরুণকে এভাবে হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে। নোবেল হত্যার বিচার চাই, খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এই খুনীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।’
কক্সবাজার-১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম লিখেছেন, ‘নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্নেহের নোবেলকে মহান আল্লাহ বেহেস্ত নসিব করুন। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন তৎপর রয়েছে।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি লিখেন, ‘যে কয়েকজন বড় ভাইকে সামনে রেখে আমরা মিছিল সমাবেশে হাঁটতে শিখেছি তাদের একজন ওমরগনি এম.ই.এস কলেজ ছাত্র-সংসদের সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন নোবেল ভাই। আজ চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। কত দিন দুপুরের ভাত না খেয়ে বড় ভাই, ছোট ভাইরে নিয়ে আড্ডা করেছেন, রাজনৈতিক ইতিহাস চর্চায় কত স্মৃতি শুনিয়েছেন! কত সুখ দুঃখের স্মৃতি রেখে অসময়ে চলে গেলেন! আপনার এ মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে!! সর্বশেষ ঢাকায় সংস ভবনে দেখা হয়েছিল! আবদার, করে বলেছিলেন- আপনার গ্রামের বাড়িতে আমাকে যেতেই হবে, আপনি নির্বাচন করবেন! কিন্তু নির্বাচনে আর যাওয়া হচ্ছে না!! এ শোক সইবার নয়।’
এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির কয়েকজন, কক্সবাজার জেলা ছাড়াও এই জেলার প্রতিটি প্রতিটি উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ ছাড়াও সহযোগী সংগঠনের সিংহভাগ নেতা-কর্মী ফেসবুক স্ট্যাটাসে খুনিদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।
এফএম


আপনার মতামত লিখুন