এবার ওসি মহসীনের খুলনা অধ্যায় শুরু
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ বদলি করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কোতোয়ালী থানা থেকে সংঘাতপ্রবণ ডবলমুরিং থানার ওসি হিসেবে যোগ দেন মোহাম্মদ মহসীন।
বাংলাদেশ পুলিশে জনবান্ধব পুলিশিংয়ের জন্য ওসি মহসীন এখন এক নামে পরিচিত। তার চালু করা ‘হ্যালো ওসি’ কার্যক্রম পুরো সিএমপি জুড়ে পরিচালিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এছাড়া মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি মহসীনের সুনাম রয়েছে দেশজুড়ে। তিনি করোনাকালে খাদ্য, ওষুধ, রোগী পরিবহন সহ নানা জনবান্ধব কাজ করে তার থানা এলাকার অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে মানুষের নজরে এসেছেন।
ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে থেকে তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহিসকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পান
এন-কে



আপনার মতামত লিখুন