বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে ১ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা
সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের কর্মস্থলে পাঠাতে বিমানবন্দরে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানোর বিষয়ে ১ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। রবিবার (২৯ আগস্ট) এক সাক্ষাৎকারে প্রবাস বার্তাকে এ তথ্য জানিয়েছেন তিনি।
সচিব জানান, আগামী ১ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
সচিব বলেন, যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পিসিআর টেস্ট করছে তাদের কিভাবে বিমানবন্দরের কাছাকাছি রেখে এটা করা যায় সেই বিষয় নিয়ে এরইমধ্যে আলোচনা চলছে। এছাড়া নতুন কোন প্রস্তাবনা থাকলেও সেই বিষয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, আমাদের চিন্তা করতে হবে সেসব প্রতিষ্ঠান প্রথমত কিভাবে একজন বিদেশগামী কিংবা প্রবাসীকে সার্ভিসটা কম সময়ের মধ্যে দিবে। এছাড়া পিসিআর টেস্টের জন্য খরচ কমানোন বিষয়টিও মাথায় রাখতে হবে। যাতে করে একজন বিদেশগামী কর্মী সহজেই পিসিআর টেস্ট করতে পারে।
প্রবাসীদের কল্যানে সব সময় মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে সচিব বলেন, প্রবাসীদের যেকোন সমস্যা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব বসানোর কাজ সম্পন্ন করতে।
সম্প্রতি ভারত, পাকিস্তান সহ ছয় দেশের ওপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে দেশটিতে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে যাত্রীদের র্যাপিড পিসিআর টেস্ট শর্ত দেয়া হয়েছে।
নিষেধাজ্ঞা তুলে নেয়া ছয় দেশের তালিকায় বাংলাদেশ না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে দেশের তিনটি বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর দাবি জানান আমিরাত প্রবাসীরা। এজন্য ১৬ আগস্ট ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন দেশে ছুটিতে থাকা আমিরাত প্রবাসীরা।


আপনার মতামত লিখুন