এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, ফলাফল এক মাসে : শিক্ষামন্ত্রী
আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
দীপু মনি জানান, ৩০ দিনে মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
জানা গেছে, এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এন-কে



আপনার মতামত লিখুন