লোহাগাড়ায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক সাত
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় সাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল আনুমানিক ৭টার দিকে পেকুয়া থানার সদর ইউনিয়নের হরিণা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা সেতুর ওপর থেকে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। ওসি নিজেই এই অভিযানের নেতৃত্ব দেন।
আটককৃতরা হলেন লোহাগাডা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের ওমর ফারুক (২৯), শহীদুল ইসলাম (২৮), জয়নাল আবেদীন (৪৮), রিদুয়ানুল করিম (২২), মো. সজিব (২৬), রাজু (২৭) ও ডাবলু চৌধুরী (৪১)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করি৷ এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়৷
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় বিক্রির জন্য জব্দকৃত ৫০ হাজার পিস ইয়াবা উখিয়া কোর্ট বাজার থেকে কিনে চকরিয়া-পেকুয়া হয়ে লোহাগড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ইতোপূর্বে এই সংঘবদ্ধ চক্র বেশ কয়েকটি বড় ইয়াবা চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
এন-কে



আপনার মতামত লিখুন