পটিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মোটরসাইকেলে মালবাহী ট্রাক ধাক্কা দিলে দুই জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউনুস নুর রবিন (৩৩) কে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মো. তারেক (৩১) চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে পটিয়ার শান্তিরহাটে দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিন চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় নজুমিয়া লেইনের মোহাম্মদ আনিসের ছেলে বলে জানা গেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, রবিন ও তারেক মোটরসাইকেলে করে পটিয়ার উদ্দেশ্য চট্টগ্রাম শহর থেকে রওনা দেন। রাত দেড়টার দিকে শান্তির হাট এলাকায় কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়েন। তাদেরকে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। তারেক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ দুর্ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মোজাফফর হোসেন।
এন-কে


আপনার মতামত লিখুন