চট্টগ্রাম ডবলমুরিংয়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার দুই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৮:০২ রাত
চট্টগ্রাম ডবলমুরিংয়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার দুই

নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকা থেকে ফটিকছড়ি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ঘটনায় জড়িত মো. ওসমান (২২) ও কিশোর দে (২০) নামে যুবককে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টায় নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে ওই ভিকটিমকে উদ্ধার ও জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ওসমান ভুজপুর থানার ইদিলপুর গ্রামের মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাফর বলির ছেলে এবং কিশোর দে একই এলাকার রঞ্জিত দে’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানায়, অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতেন ওসমান। ওই ছাত্রীর বাবা প্রবাসী হওয়ায় বিষয়টি তার মা স্থানীয় লোকজনকে জানালে তারা ওসমানকে মেয়েটিকে উত্যক্ত করতে নিষেধ করেন। এ ঘটনায় ওসমান ক্ষিপ্ত হয়ে গত ২৫ মার্চ তার দুই সহযোগী কিশোর ও বিষুকে নিয়ে স্কুলছাত্রীকে তার ঘর থেকে অপহরণ করে। এ ঘটনায় ১ এপ্রিল স্কুলছাত্রীর মা বাদী হয়ে ভুজপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত ওসমান ও কিশোর নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান র‌্যাব। গ্রেফতারকৃতদেরকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2