সীতাকুণ্ডে বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার
বিস্ফোরণের ১ মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের মাথার খুলি ও বুকের হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন করে একজন ‘মৃত’ ধরেই এটি হিসাব করা হচ্ছে। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম ডিপোর টিনশেডের সংস্কার কাজ করছেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে কাজ করতে গিয়ে মাথার খুলি ও বুকের হাড় দেখতে পান তারা। এরপর আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে সেগুলো উদ্ধার করি। এগুলোর সুরতহাল করা হচ্ছে। এরপর সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, আমরা এটিকে আলাদাভাবে একজনের মৃত্যু হিসেবে ধরছি। তবে ডিএনএ টেস্ট করার পর পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।
এন-কে



আপনার মতামত লিখুন