চট্টগ্রামের রাউজানে ৯ ঘণ্টার ব্যবধানে ১২ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ বসতঘর পুড়ে গেছে। রবিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এবং আগের দিন শনিবার সন্ধ্যায় একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, এন্টাসন তালুকদার, গণেশ তালুকদার, নান্টু তালুকদার এবং ৩ নম্বর ওয়ার্ডের বিশু দাশ ও রুবেল দাশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোরে পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরসমূহে ছড়িয়ে পড়লে ১০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের সদস্যরা জানান।
পূর্বের দিন শনিবার সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোমবাতি থেকে আগুন লেগে বিশু দাশ ও রুবেল দাশের ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মহিন উদ্দিন জানান, আজ রবিবার ভোর আনুমানিক ৪টা ১৮ মিনিটের দিকে এবং শনিবার সন্ধ্যায় আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুণের তীব্রতা বেশী থাকায় ১২টি ঘর পুড়ে যায়।
জে-আর


আপনার মতামত লিখুন