খুঁজুন
, ,

সেবা সংস্থাগুলিতে নাগরিক ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে দুদক এবং নাগরিক নজরদারি নিশ্চিতের দাবি ক্যাব’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 14 November, 2022, 12:05 pm
সেবা সংস্থাগুলিতে নাগরিক ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে দুদক এবং নাগরিক নজরদারি নিশ্চিতের দাবি ক্যাব’র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগনের মাঝে সরকারি সেবা সহজে পৌঁঁছানোর জন্য দিনে ২০ ঘণ্টা অবিরাম পরিশ্রম করছেন। একই সাথে সরকারি সেবা সংস্থাগুলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত ও নাগরিকদের ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে গণশুনানী, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন, জেলা-উপজেলা পর্যায়ে উন্নয়ন সমন্বয়সভাসহ নানা কামিটি গঠন করে সমন্বয় জোরদার, সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধি, সরকারি উদ্যাগে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনসহ নানা উদ্যোগ গ্রহন করার পরেও অবস্থার সামগ্রিক উন্নয়ন হয়নি। অধিকন্তু অনিয়ম ও দুর্নীতির নিত্যনতুন কলাকৌশলে আরও অধিক মাত্রায় চলছে। এ অবস্থায় সরকারি সেবা সংস্থা বিশেষ করে গ্যাস, পানি, বিদ্যুত, হাসপাতাল, ভূমি, পার্সপোর্ট অফিস, রেলওয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সংক্রান্ত নাগরিক ভোগান্তি ও দুর্নীতি ঠেকাতে দুর্নীতি দমন কমিশন ও স্বপ্রণোদিত নাগরিকদের নিয়ে নাগরিক পরীবিক্ষন জোরদার করার দাবি করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

১০ নভেম্বর বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে “ঘুষ ছাড়া মানসনদ মেলে না” বিষয়ে দুদকের অভিযানে প্রাথমিক সত্যতার খবরে এক বিবৃতিতে উপরোক্ত দাবি জানান।

১৪ নভেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অনিয়ম ও ভোগান্তির মাত্রা এভাবে বেড়েছে যেখানে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জন্মনিবন্ধন ও নাগরিক সনদের জন্য ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনে ৫০ টাকা নেবার কথা থাকলেও পদে পদে বিভিন্ন উপায়ে একহাজার থেকে পনের শত টাকা পর্যন্ত নিচ্ছে। একটি জন্মনিবন্ধন সনদের জন্য মাসের পর মাস অপেক্ষো করতে হচ্ছে। আর এনআইডি ও পার্সপোটে’র নাম সংশোধনে সেই টাকার পরিমান দ্বিগুন নিচ্ছে। এছাড়াও অন্যান্য সেবাসংস্থাগুলিতে চলছে চরম নৈরাজ্যকর পরিস্থিতি। বিষয়গুলি নিয়ে কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও মানুষের দুর্ভোগ কমছে না। অধিকন্তু সেবাপ্রার্থীদের ভোগান্তির নিত্যনতুন মাত্রা যোগ হচ্ছে। দুর্নীতি ও নিয়ম ঠেকাতে দুর্নীতি দমন কমিশন নিজে ও সরকারি উদ্যোগে গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হলেও কার্যত এসমস্ত কমিটি শুধুমাত্র কমিটিতে পদ পদবী প্রাপ্তিতে প্রতিযোগিতা ছাড়া অন্য কোন কার্যক্রম দৃশ্যমান নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি সেবা সংস্থা বিশেষ করে গ্যাস, পানি, বিদ্যুত, হাসপাতাল, ভূমি, পার্সপোর্ট অফিস, রেলওয়ে, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা প্রাপ্তিতে সিটিজেন চার্টার, গণশুনানীর আয়োজন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন, তথ্য প্রদানকারী কর্মকর্তা, ফ্রন্ট ডেস্কসহ নানা উদ্যোগ নেয়া হলেও ভোগান্তি ও অনিয়মের মাত্রা কমেনি। অধিকন্তু সরকারি কর্মকর্তাদের বেতনভাতা বৃদ্ধির পরে ঘুষের পরিমানও দ্বিগুন হয়ে গেছে। সরকার এসমস্ত অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা করলেও দুদকে স্বপ্রনোদিত হয়ে অভিযোগ দাখিল করা, অভিযোগের স্বপক্ষে প্রমান দাখিল করা অনেক সময় সাধারন নাগরিকদের পক্ষে সম্ভব হয় না। আবার ঘুষের মতো বিষয়গুলোর প্রমান রাখাও সহজসাধ্য নয়। এ সুযোগে ভোগান্তি ও দুর্নীতির মাত্রা ক্রমাগতই বাড়ছে। যদি দুদক স্বপ্রণোদিত হয়ে সেখানে সার্বক্ষনিক নজরদারি রাখতে সক্ষম হয় তাহলে এসমস্ত ক্ষেত্রে ভোগান্তির মাত্রা কিছুটা হলেও কমবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে মানসনদসহ যে কোন সেবা পেতে ঘুষের ছড়াছড়ি ও ভোগান্তির মাত্রা নিয়ে ক্যাব থেকে বারবার বিএসটিআই প্রধান কার্যালয় ও দুদকে ঘুষ গ্রহনের ভিডিওসহ দাখিল করার পরও অভিযুক্তদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। যার কারনে ঘুষ প্রদান করে মান সনদ নিয়ে ব্যবসায়ীরা মানহীন পণ্যের ব্যবসা করলেও ঘুষসহ অন্যান্য খরচের দায়ভার ভোক্তাদের ঘাড়েই পড়ছে। এছাড়াও অনেকেই মাসিক মাসোহারায় আর্থিক লেনদেনের মাধ্যমে মানসনদ ছাড়া ব্যবসা করে যাচ্ছেন। ফলে চট্টগ্রাম অঞ্চলে মানহীন খাদ্য-পণ্যে ভরপুর ব্যবসা প্রতিষ্ঠান, যা সাধারন ভোক্তাদের জন্য উৎকন্ঠার অন্যতম কারণ।

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের চর্চার ঘাটতির কারনে মানুষ সরকারের বিপুল বিনিয়োগে কাংখিত সেবাটি পাচ্ছে না। সরকারের তৃণমূলে কোন দপ্তরের সুশাসনে ঘাটতির চিত্র তুলে ধরাকে সরকার বিরোধী বলে অ্যাখ্যা দিয়ে একটি মহল মূল বিষয়কে পাশকাটানোর কারনে প্রকৃত সত্যটি বের হয় না। আর যে দপ্তরে অনিয়মটি ঘটছে সেখানেও হয়তো সব কর্মকর্তারাই সমান দায়ী নয়। বিষয়গুলো তুলে ধরা দেশপ্রেমের অংশও বলে মনে করেন ক্যাব নেতৃবৃন্দ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।