গোলশূন্য ড্র এল ক্ল্যাসিকো
বহুল প্রতিক্ষিত এল ক্ল্যাসিকো গোলশূন্য সমতায় শেষ হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা, দুই দলের কেউই গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে স্পেনের লা লিগার সবচেয়ে শক্তিশালী এই দুই ফুটবল দল।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে গোল অভিমুখে প্রথম শট নেয় রিয়াল। করিম বেনজেমার দুর্বল শট সহজেই নিয়ন্ত্রণে নেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কাঁপিয়ে দেয় জিদানের শিষ্যরা। ১৭তম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। কর্নার থেকে কাসেমিরোর হেড গোললাইন থেকে ফিরিয়ে স্বাগতিকদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জেরার্ড পিকে।
২৫তম মিনিটে বেনজেমার শট পা দিয়ে ঠেকিয়ে দেন টের স্টেগেন। পরমুহূর্তে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কাসেমিরোর দূরপাল্লার শট।
খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে সুযোগ এসে যায় বার্সেলোনার সামনে। থিবো কর্তোয়া ঝাঁপিয়ে একটি আক্রমণ কোনোমতে ঠেকালে বল পেয়ে যান মেসি। তার বুলেট গতির শট গোললাইনের সামনে থেকে ফিরিয়ে দেন নিজের ৪৩তম ক্লাসিকোতে খেলা রামোস।
দশ মিনিট পর মেসি জাদুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় বার্সেলোনা। অধিনায়কের দুর্দান্ত চিপে জর্দি আলবার শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।
৬৮তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে দারুণ সুযোগ আসে গ্যারেথ বেলের সামনে। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ওয়েলস ফরোয়ার্ড। চার মিনিট পর ফ্রেংকি ডি ইয়ংয়ের শট ঝাঁপিয়ে ঠেকান কর্তোয়া।
৭২তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন বেল। ভিএআরের সহায়তা নিয়ে গোল দেননি রেফারি। দুই মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন সুয়ারেস।
শেষের দিকে আনসু ফাতি মাঠে আসার পর গতি বাড়ে বার্সেলোনার আক্রমণে। কিন্তু জালের দেখা পায়নি ভালভেরদের শিষ্যরা। শেষের দিকে রক্ষণাত্মক হয়ে পড়া রিয়াল প্রতি-আক্রমণ থেকেও পায়নি কোনো সাফল্য।
১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে স্পেনের সফলতম দল রিয়াল।


আপনার মতামত লিখুন