খুঁজুন
, ,

সাকিব ম্যাজিকে বাংলাদেশের ইংল্যান্ড বধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 6 March, 2023, 8:43 pm
সাকিব ম্যাজিকে বাংলাদেশের ইংল্যান্ড বধ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয়ে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল খান। ব্যাটিংটা ভালো-মন্দের মিশেলে হয়েছে টাইগারদের। ফিফটি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। শেষদিকে ৭১ বলে ৭৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন সাকিব। শেষমেশ ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

২৪৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিল ইংল্যান্ড। ওপেনার ফিল সল্টই বেশি মারমুখি ছিলেন। আরেক ওপেনার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয় আগাচ্ছিলেন কিছুটা ধীরগতিতে। দুজনের জুটি পার করে ফেলে ৫০ রান। সল্টকে ফিরিয়ে দিয়ে ইংলিশদেরকে প্রথম আঘাতটা দেন সাকিব। ২৫ বলে ৩৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের দলের ৫৪ রানের মাথায় আউট হয়ে যান সল্ট।

সল্টের আউটের পর ইংলিশদের রানের গতি কিছুটা কমে যায়। পরের ওভারেই ডেভিড মালানকে আউট করে দেন সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা এবাদত হোসেন চৌধুরী। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন মালান।

পরের ওভারে আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। এবার আউট হন জেসন রয়, ফিরিয়েছেন সেই সাকিব। টানা ৩ ওভারে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচটা বেশ জমিয়ে তোলে বাংলাদেশ।

সেই চাপ থেকে ইংলিশদের উদ্ধার করার চেষ্টা করেন স্যাম কারান এবং জেমস ভিন্স। দুজনে মিলে স্কোরবোর্ডে রান তুলছিলেন তবে কিছুটা ধীরগতিতে। চতুর্থ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন ভিন্স এবং কারান। ভিন্স কিছুটা সাবলীল থাকলেও অনেকটাই নড়বড়ে ছিলেন কারান। দলের ১০৪ রানের মাথায় কারানকে ফিরিয়ে দেন মিরাজ। এর কিছুক্ষণ ৪৪ বলে ৩৮ রান করে আউট হন ভিন্স, উইকেটশিকারী এবারও সেই সাকিব। পরের ওভারেই মঈন আলীকে ফিরিয়ে দেন এবাদত। ১৩০ রানের মধ্যে হুট করেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ইংলিশদের একের পর এক উইকেট তুলে ম্যাচটাকে আবারও জমিয়ে তোলেন টাইগার বোলাররা।

এরপর ক্রিস ওকসকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন অধিনায়ক জস বাটলার। বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন বাটলার। তবে ২৪ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের ১৫৮ রানের মাথায় ইংলিশদের বড় ভরসা বাটলারও আউট হয়ে যান। বাটলারকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। আর তাতেই যেন ম্যাচ হেলে পড়তে শুরু করে বাংলাদেশের দিকে।

পরে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা মিলে চেষ্টা চালিয়ে গেছেন ম্যাচ বের করার। তবে লাভের লাভ কিছুই হয়নি। বেশ তাড়াতাড়িই বাকি উইকেটগুলো হারিয়ে ১৯৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৫০ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। মাত্র ৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন এবাদত এবং তাইজুল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন বোলাররা। আর বোলারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলে বেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এই জয়ের ফলে সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতার কারণে ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।